আমাদের হাতের কাছেই এমন অনেক উপাদান রয়েছে, যা বিভিন্ন শারীরিক সমস্যায় আরাম দিতে পারে। সেই তালিকায় রয়েছেন বেশ কয়েকটি মশলা। রান্নাঘরের প্রতিদিনের ব্যবহৃত কয়েকটি মশলা হতে পারে সহজ সমাধান। বিশেষজ্ঞদের মতে, কিছু মশলা জলে ফুটিয়ে খেলে তা প্রাকৃতিক পানীয় হিসেবে কাজ করে এবং শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে। কোনও জাদু নয়, নিয়মিত খেলে তবেই উপকার মিলবে।
বার বার খিদে পায়? অনেকেরই এই সমস্যায় ভোগেন। এতে অযথা বেশি খাওয়া হয় এবং ওজন বাড়ে। এই সমস্যা নিয়ন্ত্রণে দারচিনি ও মৌরি ফুটিয়ে জল খাওয়া যেতে পারে। দারচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, আর মৌরি হজম শক্তি বাড়ায়। ফলে অকারণে খিদে পাওয়ার প্রবণতা কমতে পারে।
পেটের চর্বি কমছে না? ব্যায়াম করেও অনেক সময় পেটের মেদ কমতে চায় না। সেক্ষেত্রে আদা ও গোলমরিচ ফোটানো জল উপকারী হতে পারে। আদা হজম প্রক্রিয়া দ্রুত করে এবং বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে। গোলমরিচে থাকা উপাদান শরীরে চর্বি জমা কমাতে সহায়ক বলে মনে করা হয়। সকালে বা খালি পেটে এই পানীয় খেলে উপকার পেতে পারেন।
সারাদিন অবসাদ ও এনার্জির অভাব থাকলে গরম জলে লেবু ও মধু মিশিয়ে খাওয়া ভাল। লেবুতে ভিটামিন সি থাকে, যা শরীরকে সতেজ রাখে। মধু প্রাকৃতিক শক্তির উৎস। সকালে এই পানীয় খেলে শরীর ও মন দুটোই চাঙ্গা থাকে।
সকালে অনেকেরই পেট ফুলে থাকে বা গ্যাস-অম্বলের সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে মৌরি ও জোয়ান ফোটানো জল খুবই উপকারী। এই দুই মশলাই হজমে সাহায্য করে এবং গ্যাস কমাতে কার্যকর।
তবে মনে রাখতে হবে, এগুলো কোনও ওষুধ নয়। দীর্ঘদিন সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নিয়মিত সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপন সুস্থ থাকার আসল চাবিকাঠি।
