আজকাল অনেকেই ভাবেন, বেশি বেশি স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করলেই ত্বক সুন্দর হবে। কিন্তু চিকিৎসকদের মতে, অতিরিক্ত স্কিনকেয়ার উল্টে ত্বকের ক্ষতি করতে পারে। এতে ত্বকের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর অর্থাৎ স্কিন ব্যারিয়ার নষ্ট হয়ে যায়। এই স্তরই আমাদের ত্বককে ধুলো, দূষণ ও জীবাণুর হাত থেকে রক্ষা করে এবং ত্বকের ভেতরের আর্দ্রতা ধরে রাখে

যখন এই স্কিন ব্যারিয়ার দুর্বল হয়ে যায়, তখন ত্বক নানা সমস্যার মাধ্যমে সংকেত দিতে শুরু করে। এই সব লক্ষণের দিকে নজর দেওয়া জরুরি।


১. ত্বক খুব শুকনো লাগা: ময়েশ্চারাইজার লাগানোর পরেও যদি ত্বক শুষ্ক লাগে বা টানটান মনে হয়, তাহলে বুঝতে হবে ত্বকের ভেতরের জল ধরে রাখতে পারছে না। এটি ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার প্রথম লক্ষণ।


২. হঠাৎ ত্বক সেনসিটিভ হয়ে যাওয়া: আগে যেসব ক্রিম বা ফেসওয়াশ ব্যবহার করতেন, এখন সেগুলোতেই যদি জ্বালা করে বা অস্বস্তি হয়, তাহলে সতর্ক হন। ত্বক তখন অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়ে।


৩. লালচে ভাব ও জ্বালা: ত্বকে হালকা লাল হয়ে যাওয়া, জ্বালা বা পোড়া পোড়া অনুভূতি—এসবই অতিরিক্ত স্ক্রাব বা কড়া প্রোডাক্ট ব্যবহারের ফল হতে পারে। এটি স্পষ্টভাবে ত্বকের ক্ষতির ইঙ্গিত দেয়।


৪. ব্রণ বেড়ে যাওয়া: অনেকেই ভাবেন বেশি প্রোডাক্ট ব্যবহার করলে ব্রণ কমবে। কিন্তু উল্টোটা হতে পারে। ত্বকের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়ে ব্রণ বা ছোট ছোট দানা বেড়ে যেতে পারে।


৫. ত্বক রুক্ষ ও খসখসে হয়ে যাওয়া: ত্বক মসৃণ না থেকে যদি রুক্ষ বা অসমান লাগে, তাহলে বুঝতে হবে অতিরিক্ত যত্ন ত্বকের ক্ষতি করছে। বেশি এক্সফোলিয়েশন (স্ক্রাব) করলে এই সমস্যা বেশি হয়।


৬. সামান্যতেই অস্বস্তি হওয়া: হাওয়া, রোদ বা এমনকি হালকা ছোঁয়াতেও যদি ত্বকে অস্বস্তি হয়, তাহলে ত্বকের সুরক্ষা ক্ষমতা কমে গিয়েছে।।


কেন এই সমস্যা হয়? একসঙ্গে অনেক প্রোডাক্ট ব্যবহার করা, বারবার ফেসওয়াশ বা স্ক্রাব করা, শক্ত রাসায়নিকযুক্ত প্রসাধনী ব্যবহার—এসবই স্কিন ব্যারিয়ার নষ্ট করে দেয়।


কি করলে ভাল থাকবে ত্বক? বিশেষজ্ঞরা বলেন ত্বকের যত্নে 'কমই বেশি'। অর্থাৎ হালকা ক্লিনজার, ভাল ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন-এই বেসিক জিনিসগুলোই যথেষ্ট। নতুন প্রোডাক্ট ব্যবহার করার আগে সাবধান হওয়া উচিত। সহজভাবে বললে, অতিরিক্ত স্কিনকেয়ার ত্বককে সুন্দর নয়, বরং দুর্বল করে দিতে পারে। তাই অযথা বেশি কিছু না করে, সঠিক ও সীমিত যত্ন নেওয়াই শ্রেয়।