ভারতীয় রান্নায় বেশিরভাগ খাবারেই আদা ও রসুন বাটা ব্যবহার করা হয়। আমিষ পদের স্বাদ বৃদ্ধির জন্য এই দুই মশলার ভূমিকা রয়েছে। কিন্তু বর্তমানে ব্যস্ততার যুগে রোজ আদা-রসুন বাটা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। তাই আজকাল ঝক্কি এড়াতে বাজার থেকে 'জিঞ্জার গার্লিক পেস্ট' কেনেন অনেকেই। স্বাদে সামান্য হেরফের হলেও রান্নায় খুব একটা সমস্যা হয় না। তবে প্যাকেটের আদা-রসুনের বেশ কিছু জিনিস মেশানো থাকে। যা শরীরের জন্য মোটেও ভাল নয়। 


সম্প্রতি হায়দরাবাদে খাদ্য নিরাপত্তা বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ভেজাল আদা-রসুন পেস্ট। পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে এবং কারখানাটি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানে ধরা পড়া ‘এফপে ফুড প্রোডাক্ট’ নামে একটি প্রতিষ্ঠানে অননুমোদিত রাসায়নিক মিশিয়ে এই পেস্ট তৈরি করা হচ্ছিল। বিশেষজ্ঞদের মতে, এই রাসায়নিক মিশ্রিত আদা-রসুন পেস্ট স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলো পাচনতন্ত্রের ক্ষতি করতে পারে, কোষের গঠন নষ্ট হয়ে জিনগত সমস্যা দেখা দিতে পারে, লিভার ও কিডনির উপর প্রভাব ফেলতে পারে এমনকী দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

আরও পড়ুনঃ এলইডি লাইটে লুকিয়ে চোখের ভয়ঙ্কর বিপদ! নিঃশব্দে হতে পারে শরীরের মারাত্মক ক্ষতি, সামনে এল শিউরে ওঠা তথ্য

 

ভেজাল আদা-রসুনে কী থাকে

*সাইট্রিক অ্যাসিড: সাইট্রিক অ্যাসিড সুগন্ধ সংরক্ষণ এবং সতেজতা বৃদ্ধিতে সাহায্য করে। তবে এটি অনেকের ক্ষেত্রে অ্যাসিড রিফ্লাক্স বা হজমের সমস্যা তৈরি করে। 

*টাইটানিয়াম ডাই অক্সাইড: পেস্টকে একটি প্রাকৃতিক রঙ দিতে টাইটানিয়াম ডাই অক্সাইড ব্যবহৃত হয়। এটি সাধারণত প্লাস্টিক এবং রঙে পাওয়া যায়। টাইটানিয়াম ডাই অক্সাইড অন্ত্রের আস্তরণেরও ক্ষতি করতে পারে।

*জ্যান্থান গাম: এই উপাদানটি পেস্টকে ঘন করতে ব্যবহৃত হয় বেশিরভাগ প্রক্রিয়াজাত খাবারে এটির অস্তিত্ব পাওয়া যায়। কিছু পেস্টে পচা আদা বা রসুন ব্যবহার করা হয় এবং পণ্যটি প্রচুর পরিমাণে বাড়ানোর জন্য চালের আটা বা মসুর ডালের গুঁড়োর মতো স্টার্চও মেশানো হয়।

*কৃত্রিম খাদ্য রং: এই রংগুলি পেস্টকে টাটকা দেখানোর জন্য ব্যবহার করা হয় এবং এই কৃত্রিম সংযোজন স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

পেস্টে ভেজাল কীভাবে চিহ্নিত করবেন

* রঙ দেখুন – আসল পেস্টের রঙ হালকা সাদা বা আইভরির মতো হয়। গাঢ় বা অস্বাভাবিক রঙ হলে সাবধান।
* গন্ধ নিন – তাজা আদা-রসুনের গন্ধ থাকা উচিত। দুর্গন্ধ বা রাসায়নিকের গন্ধ থাকলে বিপদ।
* ধরন লক্ষ্য করুন – আসল পেস্ট একটু দানাদার হয়, খুব বেশি মসৃণ বা চটচটে হলে সন্দেহজনক।

সর্তক থাকুন

* শুধুমাত্র এফএসএসএআই অনুমোদিত ও পরিচিত ব্র্যান্ডের পেস্ট কিনুন।
* অতিরিক্ত সস্তা পণ্য থেকে সাবধান থাকুন।
* সম্ভব হলে ঘরেই টাটকা আদা-রসুন পেস্ট তৈরি করে ব্যবহার করুন।