আজকাল চুল পড়া আর চুল পাতলা হয়ে যাওয়া খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বয়স কম হোক বা বেশি, মেয়ে হোক বা ছেলে, প্রায় সকলেই এই সমস্যার সঙ্গে লড়াই করছেন। চিরুনিতে আটকে থাকা চুল, বালিশে পড়ে থাকা ভাঙা চুল কিংবা চুল ধোয়ার সময় ড্রেনে জমে থাকা চুলের গোছা দেখলেই মনটা খারাপ হয়ে যায়। অনেকেই দামি শ্যাম্পু, সিরাম আর নানা ট্রিটমেন্টে টাকা খরচ করেন। কিন্তু তবু মন মতো ফল মেলে না। তখন মনে হতে শুরু করে বোধহয় আর কিছু করার নেই। কিন্তু সত্যি কথা হল, সব সমস্যার সমাধান সব সময় দামি প্রোডাক্টেই লুকিয়ে থাকে না।

অনেক সময় আসল উপকার লুকিয়ে থাকে রান্নাঘরেই। চুল পড়া আটকানোর ক্ষেত্রে একটি কার্যকর জুটি হল মেথি আর কালোজিরে। এই সহজ ঘরোয়া উপায় চুলের গোড়া মজবুত করে। চুল পড়া কমায় এবং চুল ঘন করতে সাহায্য করে।

কেন মেথি আর কালোজিরার মিশ্রণ উপকারী?

মেথি দানা

মেথিতে প্রচুর প্রোটিন থাকে, যা চুলের গোড়াকে শক্ত করে। এর পুষ্টিগুণ স্ক্যাল্পকে পুষ্ট করে এবং শুষ্ক, প্রাণহীন ত্বক সারাতে সাহায্য করে। ফলে খুশকি কমে এবং চুল ভাঙাও কম হয়। মেথি চুলকে নরম ও মসৃণ করে, রুক্ষতা দূর করে।

কালোজিরে

কালোজিরায় এমন উপাদান রয়েছে যা চুলের গোড়া মজবুত করে। এটি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, ফলে চুলের বৃদ্ধিও ভাল হয়। পাশাপাশি সময়ের আগেই চুল পাকা হওয়ার গতি ধীর করতেও এটি উপকারী বলে মনে করা হয়।

দু’টি একসঙ্গে কেন বেশি কাজ করে?

মেথি আর কালোজিরে একসঙ্গে মিশলে চুলের জন্য একটি শক্তিশালী প্রাকৃতিক প্যাক তৈরি হয়। এটি চুলের গোড়ায় পুষ্টি জোগায়, স্ক্যাল্প পরিষ্কার রাখে এবং ধীরে ধীরে চুলের গুণগত মান উন্নত করে।

হেয়ার মাস্ক বানানোর পদ্ধতি
এই মাস্ক বানানো খুবই সহজ, আর সব উপকরণই বাড়িতেই পাওয়া যায়।

যা লাগবে:

২ চামচ মেথি দানা
২ চামচ কালোজিরে
২ চামচ দই বা অ্যালোভেরা জেল
১ চামচ নারকেল তেল বা বাদাম তেল
কীভাবে বানাবেন:
মেথি ও কালোজিরে এক বাটি জলে সারারাত ভিজিয়ে রাখুন।
সকালে জল আলাদা করে রাখুন। এই জল ফেলে দেবেন না, চুলে স্প্রে করেও ব্যবহার করা যায়।
ভেজানো দানাগুলো মিক্সিতে পিষে ঘন পেস্ট বানান।
এতে দই বা অ্যালোভেরা জেল মেশান।
চুল খুব শুষ্ক হলে অল্প তেল মিশিয়ে নিতে পারেন।

কীভাবে ব্যবহার করবেন?

এই পেস্ট চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভাল করে লাগান। হালকা হাতে স্ক্যাল্পে ম্যাসাজ করুন, যাতে পেস্ট ভিতর পর্যন্ত পৌঁছায়। প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা রেখে দিন। তারপর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

সপ্তাহে এক-দু’বার ব্যবহার করলেই যথেষ্ট। নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমতে পারে, চুল বেশি মজবুত লাগে এবং স্বাভাবিক উজ্জ্বলতাও ফিরে আসে।

কিছু জরুরি টিপস

মাস্ক লাগানোর আগে চুলে বেশি তেল দেবেন না।
খুব গরম জল দিয়ে চুল ধোবেন না।
ভাল ফল পেতে এক-দু’বার ব্যবহার করে ছেড়ে দেবেন না। অল্প ধৈর্য ধরুন।
স্ক্যাল্পে জ্বালা বা অস্বস্তি হলে ব্যবহার বন্ধ করুন।