আজকাল ওয়েবডেস্কঃ প্রকৃতির নিয়মে বয়সের সঙ্গে বৃদ্ধ হয় আমাদের বুদ্ধি, মনন, চিন্তাশক্তি। তবে চাইলে আপনি বার্ধক্যের গতি কমিয়ে দিতে পারেন। সম্প্রতি কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে, দিনের বেলা অল্প সময়ের জন্য ঘুমালে অর্থাৎ পাওয়ার ন্যাপ নিলে মস্তিষ্কের স্বাস্থ্য ভাল থাকে। বয়সজনিত মস্তিষ্কের অবক্ষয় কিছুটা ধীরগতিতে ঘটে। পাওয়ার ন্যাপ মস্তিষ্কের কাঠামো এবং কার্যকারিতার ওপর ইতিবাচক প্রভাব ফেলে।
দিনের বেলা অল্প ঘুমেই নাকি মস্তিষ্কের বয়স কমে যেতে পারে। বয়স যতই বাড়ুক, মস্তিষ্ক থাকবে তরতাজা। ছুঁতে পারবে না মস্তিষ্কের বার্ধক্য। দিনের বেলা ঘুমালে কী কী উপকার পাবেন, জেনে নিন-
* স্মৃতিশক্তি বাড়েঃ দিনের বেলা অল্প সময় ঘুমালে স্মৃতিশক্তি বাড়ে। শেখার ক্ষমতা উন্নত হয়।
* মস্তিষ্ক তরতাজা রাখেঃ দিনের বেলার ঘুম মানসিক ক্লান্তি দূর করতে পারে। একইসঙ্গে চিন্তাশক্তি ও মনোযোগ বাড়াতেও সাহায্য করে।
* স্নায়ু শান্ত রাখেঃ টানা কাজের মাঝে পাওয়ার ন্যাপ নিলে মানসিক চাপ কমে, উদ্বেগ ও রাগও নিয়ন্ত্রিত হয়।
* বার্ধক্য রোধ করেঃ নিয়মিত অল্প সময় ঘুমালে মস্তিষ্কের গঠনগত বার্ধক্য কমে যায় বলে গবেষণায় তথ্য মিলেছে।
কতক্ষণ ঘুমানো উচিত?
বিশেষজ্ঞদের মতে, দিনের বেলা ২০ থেকে ৩০ মিনিট ঘুম যথেষ্ট। অল্প সময়ের মধ্যাহ্নভোজ পরবর্তী ঘুম মস্তিষ্কের গঠন ও কার্যকারিতা ভাল রাখতে সাহায্য করতে পারে। যা মস্তিষ্কের বয়স বাড়ার গতি কমাতে সহায়ক। রোজ অনেকক্ষণ দিনের বেলা ঘুমানো কিন্তু ভাল নয়। এতে ক্লান্তি আরও বেড়ে যেতে পারে। সঙ্গে যারা অনিদ্রায় ভোগেন, তাদের ক্ষেত্রে এই ঘুম রাতে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।
