অল্প বয়সেই চুল পেকে যাওয়া আজকের দিনে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একসময় সাদা চুলকে বার্ধক্যের লক্ষণ মনে করা হলেও, এখন খারাপ খাদ্যাভ্যাস, অতিরিক্ত মানসিক চাপ ও দূষণের কারণে তরুণদের চুলও দ্রুত পেকে যাচ্ছে। সাদা চুল শুধু বাহ্যিক সৌন্দর্য নষ্ট করে না, অনেকের আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে। বাজারে পাওয়া রাসায়নিক রং চুলকে সাময়িকভাবে ঢেকে দিলেও, ভিতর থেকে চুলের গোড়া দুর্বল করে দেয়। সেই কারণেই এখন অনেকেই আবার ভরসা রাখছেন আয়ুর্বেদের উপর। আয়ুর্বেদে শুকনো আমলকিকে চুলের জন্য অমৃতসম বলে মনে করা হয়, যা চুলের স্বাভাবিক রং ফিরিয়ে আনতে সাহায্য করে।
শুকনো আমলকির মধ্যেই লুকিয়ে রয়েছে সুস্থ চুলের রহস্য। এতে থাকে ভিটামিন সি, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে। এই উপাদানগুলো মাথার ত্বকে পুষ্টি জোগায় এবং চুলের গোড়া শক্ত করে। শুকনো আমলক চুলের প্রাকৃতিক পিগমেন্ট বজায় রাখতে সাহায্য করে, ফলে অকালপক্বতা ধীর হয়। নিয়মিত ব্যবহারে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে, যার ফলে চুল পড়া কমে এবং চুল দ্রুত বাড়তেও সাহায্য করে। এই কারণেই একে চুলের জন্য একটি ‘প্রাকৃতিক টনিক’ বলা হয়।
চুলের যত্নে আমলকির জল ব্যবহার করা সবচেয়ে সহজ উপায়গুলোর একটি। এর জন্য একমুঠো শুকনো আমলকি জলে দিয়ে ভাল করে ফুটিয়ে নিতে হয়। জল গাঢ় বাদামি রং ধারণ করলে আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিতে হবে। এরপর সেই জল ছেঁকে নিয়ে চুল ধোয়ার কাজে ব্যবহার করা যায়। সপ্তাহে দু’থেকে তিনবার এই জল দিয়ে চুল ধুলে চুলের উজ্জ্বলতা ফিরতে শুরু করে এবং চুল আগের তুলনায় আরও নরম হয়। পদ্ধতিটি যেমন সহজ, তেমনই খরচও কম। ঘরেই যে কেউ এটি করতে পারেন।
চুলের গোড়া মজবুত করতে আমলকির তেলও দারুণ কার্যকর। এর জন্য শুকনো আমলকি গুঁড়ো করে নারকেল তেল বা সর্ষের তেলে মিশিয়ে হালকা গরম করতে হয়। তেল ঠান্ডা হলে তা দিয়ে মাথার ত্বকে ভালো করে ম্যাসাজ করলে চুলের শুষ্কতা দূর হয় এবং চুল ভিতর থেকে আর্দ্রতা পায়। নিয়মিত এই তেল ব্যবহার করলে চুল ভাঙা কমে এবং স্বাভাবিক উজ্জ্বলতাও বাড়ে।
আমলকির উপকারিতা শুধু বাহ্যিক ব্যবহারে সীমাবদ্ধ নয়। খাদ্যতালিকায় আমলকি রাখলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং রক্ত পরিষ্কার থাকে, যার প্রভাব চুল ও ত্বকে স্পষ্টভাবে দেখা যায়। তবে ঘরোয়া উপায়ের পাশাপাশি পর্যাপ্ত ঘুম, জল পান এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করাও অত্যন্ত জরুরি। সুস্থ জীবনযাপনই দীর্ঘদিন চুলকে কালো, ঘন ও সুন্দর রাখতে পারে।
