আজকাল ওয়েবডেস্ক: দশ দফা দাবি নিয়ে সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করতে নবান্নে পৌঁছলেন জুনিয়র চিকিৎসকরা। বৈঠকের লাইভ স্ট্রিমিং করা হচ্ছে নবান্নের তরফে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৈঠক। রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরজি কর হাসপাতালের ঘটনার পর কেটে গিয়েছে দু’মাস। দশ দফা দাবি নিয়ে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের সেই দশ দফা দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্যসচিবের অপসারণ, ছাত্র সংসদ নির্বাচন, হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করা।
সোমবার বিকেল পাঁচটা নাগাদ মুখ্যমন্ত্রী বৈঠকের সময় নির্ধারণ করে দিয়েছিলেন। জানানো হয়েছিল, ডাক্তারদের ১০ জন প্রতিনিধি বৈঠকে যোগ দিতে পারবেন। এদিন নির্ধারিত সময়ের এক মিনিট আগেই নবান্নে পৌঁছয় ডাক্তারদের ১৭ জনের প্রতিনিধি দল। জানা গিয়েছে, বৈঠকে থাকবেন কলকাতা মেডিক্যালের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস, এসএসকেএমের সুপার পীযূষ রায়, আরজি করের অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের ১৭জন প্রতিনিধিকেই বৈঠকে অংশ নিতে বলা হয়।
উল্লেখ্য, শনিবার দুপুরে হঠাৎই ডাক্তারদের অনশন মঞ্চে পৌঁছন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জিও। সেখান থেকেই জুনিয়র চিকিৎসকের সঙ্গে ফোনে কথা বলেন মমতা। জুনিয়র ডাক্তাররা জানান, তাঁদের দাবি নিয়ে তাঁরা বৈঠক করতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে। তবে অনশন না তুলেই তাঁরা যোগ দেবেন বৈঠকে। এই বৈঠকের ওপরেই নির্ভর করছে মঙ্গলবার চিকিৎসকরা স্বাস্থ্য ধর্মঘট করবেন কিনা।
















