আজকাল ওয়েবডেস্ক: প্রত্যেক বছরের মত এবারও ধুমধাম করে বাড়িতে কালীপুজো করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাকা গৃহকর্ত্রীর মত সকাল থেকে কার্যত একা হাতে পুজোর প্রস্তুতি সারতে দেখা গিয়েছিল তাঁকে।
পুজোর কাজে হাত লাগানো, পুজোর ভোগ রান্না করা, সময় মত অতিথি আপ্যায়ন, প্রদীপ জ্বালানো সবই করেন তিনি। তিথি মেনে বৃহস্পতিবার সন্ধ্যায় পুজো হয় মুখ্যমন্ত্রীর বাড়িতে। সাদা পাঞ্জাবি এবং চোখে কালো চশমা পরে এদিন দেখা যায় অভিষেক ব্যানার্জিকেও।
আমেরিকায় চোখের চিকিৎসা করিয়ে কলকাতায় ফেরার পর এই প্রথম সামনে এলেন তৃণমূল সাংসদ। সঙ্গে ছিলেন অভিষেকের কন্যা আজানিয়া এবং ছেলে আয়াংশ। এদিন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে এসে প্রথমেই মমতাকে প্রণাম করেন অভিষেক। তারপর ঠাকুর প্রণাম করে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেই অংশ নেন কালীপুজোতে। অভিষেক ব্যানার্জির মা লতা ব্যানার্জি, স্ত্রী রুজিরা ব্যানার্জিকেও মুখ্যমন্ত্রীর সঙ্গে পুজোর কাজে হাত লাগাতে দেখা যায়।
এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির প্রতিমার ছবি দিয়েছিলেন। সেখানে বাড়ির প্রতিমাকে মা দিগম্বরী বলে উল্লেখ করেন তিনি। এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে পুজো উপলক্ষ্যে এসেছিলেন রাজ্য তৃণমূলের প্রথম সারির নেতারা। দেখা গিয়েছে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, মুখ্যসচিব মনোজ পন্থ, কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মা এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও। নিজে দাঁড়িয়ে থেকে অতিথিদের আপ্যায়ন করেন মুখ্যমন্ত্রী। হোমের সময় কাঁসর বাজাতে দেখা যায় তাঁকে।
















