মিল্টন সেন, হুগলি:‌ শনিবার সকালে তর্পণ করতে গিয়ে হঠাৎ আসা গঙ্গার বানে তলিয়ে যান বেশ কয়েকজন। কয়েক জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ দু’‌জন। ঘটনাটি ঘটেছে হিন্দমোটরের বিবি স্ট্রিট ঘাটে। নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি। নামানো হয়েছে বোট। উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল থেকে হুগলি জেলার গঙ্গার ঘাটগুলোতে তর্পণের জন্য ভিড় উপচে পড়ে। উত্তরপাড়া হিন্দমোটর অঞ্চলেও প্রতিটি ঘাটে তর্পণ করতে হাজির হন বহু মানুষ।
 হিন্দমোটর বিবি স্ট্রিট ঘাটে তর্পণের স্নান করতে নেমে হঠাৎ আসা গঙ্গার বানে তলিয়ে যান কয়েকজন। ঘাটে উপস্থিত লোকজন জানিয়েছেন, বানের তোড়ে জলে ভেসে যান পাঁচ জন। খবর পেয়ে গঙ্গার ঘাটে হাজির হয় উত্তরপাড়া থানার পুলিশ। আসেন চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অরবিন্দ আনন্দ, এসিপি আলি রাজা ও উত্তরপাড়ার আইসি পার্থ সিকদার। উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদবও চলে আসেন ঘটনাস্থলে। স্থানীয়দের অভিযোগ, বান আসার সময় জানা থাকলেও পুলিশ আগে থেকে সতর্ক করেনি। বান যখন কাছে এসে যায় তখন বাঁশি বাজানো হয়। ফলে জলে স্নান করতে নামা লোকজন ভেসে যান। স্বপন বাহাদূর নামে হিন্দমোটরের এক বাসিন্দা তর্পণে নেমে ভেসে যাচ্ছিলেন। কোনওরকমে বেঁচেছেন। চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, দু’‌জন নিখোঁজ। বিপর্যয় মোকাবিলা বাহিনী নামানো হয়েছে। তল্লাশি চলছে।