মিল্টন সেন, হুগলি: মহালয়ার আগের রাতে শহরের নিরাপত্তা দেখতে বাইক নিয়ে টহলে বেরোলেন খোদ পুলিশ কমিশনার। চুঁচুড়া শহরের পুজো মন্ডপ গুলো পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশ দেন। পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখেন। এদিকে পুজোর শেষ মুহুর্তের কেনাকাটা চলছে। পোশাকের দোকান থেকে জুতোর দোকান, শমিং মলগুলোতে উপচে পরা ভিড়। এই সময় কোনও অপরাধ যাতে সংগঠিত না হয় সেদিকে দৃষ্টি রাখছে পুলিশ। চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসি হেডকোয়ার্টার ঈশানী পাল, চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তী, ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ সহ পুলিশ ও ট্রাফিক পুলিশ আধিকারিকদের নিয়ে বাইকে টহল দিতে ফেরিয়ে পড়েন কমিশনার। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে শুরু করে আখনবাজার, খরুয়া বাজার, তোলাফটক, তালডাঙা মোড়, খাদিনামোড়, রবীন্দ্রনগর, পিয়ারাবাগান, পীরতলা, কারবালা মোড়, হুগলি মোড় হয়ে ব্যান্ডেলের পুজোগুলো পরিদর্শন করেন পুলিশ কমিশনার। পুলিশ কমিশনার বলেন, শহরে এখন কেনাকাটার ভিড়, তাই যানজট এড়াতে বাইক নিয়ে টহলদারি চলছে। দুষ্কৃতীরা যাতে লুট, ছিনতাইয়ের মতো অপরাধ না করতে পারে তার জন্য বড় দোকান, সোনার দোকানগুলোতে নজরদারি চলছে। পুজোর দিনগুলোয় মণ্ডপে ভিড় হবে, তাই দর্শনার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে উদ্যোক্তাদের। প্রয়োজনে স্বেচ্ছাসেবক বাড়াতে হবে। মণ্ডেপে ঢোকা এবং বেরোনোর আলাদা পথ করতে বলা হয়েছে। সিপি আরও জানান, শহরে ঢোকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নাকা চেকিং চলবে। প্রয়োজন অনুযায়ী একাধিক পয়েন্টে নো এন্ট্রি করা হবে।
Chinsurah: মহালয়ার আগের রাতে নিরাপত্তা খতিয়ে দেখতে রাস্তায় টহল পুলিশ কমিশনারের
