আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে প্রথম দিকে ফর্মে না থাকলেও ঠিক সময়ে ঘুরে দাঁড়িয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পরপর ছ’টি ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে জোরকদমে এগিয়ে চলছে হার্দিক পাণ্ডেয়ার নেতৃত্বাধীন মুম্বই। এখনও পর্যন্ত ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দশ দলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মারা। দলের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মিডল-অর্ডার ব্যাটার তিলক ভার্মা।

তবে আইপিএলের মাঝেই তিলক মেতে উঠলেন অন্য এক খেলায়। মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিলক ভার্মা মেতে উঠলেন মজাদার পিকলবল খেলা খেলায়।

তাঁর সঙ্গী ছিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবাকণ্ডা। ‘বেস্ট অফ থ্রি-এর এই মজাদার ম্যাচে বিজয় মজার ছলে ঘোষণা করেন যদি তিলক তাঁকে হারিয়ে জিতে যান তবে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরবেন। 

যদিও শেষ পর্যন্ত বিজয়ের দলই ২-১ ব্যবধানে ম্যাচ জিতে যায়। বর্তমানে আইপিএলে মাঠের পারফরম্যান্সেও দুর্দান্ত ছন্দে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ধারাবাহিক জয়ের ফলে তারা প্লে-অফের রেসে নিজেদের দাপট বজায় রেখেছে।

আইপিএলের বর্তমানে যা পরিস্থিতি তাতে তাতে দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বই ইন্ডিয়ান্স প্রত্যেক দলের মধ্যেই লড়াই চলছে প্রথম দুইয়ে থাকার। বাকি তিনটে ম্যাচের মধ্যে দুটি জিতলে জায়গা পাকা করে ফেলবে মুম্বই।

গত সপ্তাহেই মুম্বই ইন্ডিয়ান্স শীর্ষস্থানে ছিল লিগ টেবিলের। তবে পরবর্তীতে বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসের জয়ের পর তারা কিছুটা নীচে নেমে আসে। প্লে-অফের দৌড়ে কে শেষ হাসি হাসবে, এখন সেটাই দেখার। তবে তিলক ভার্মাদের আত্মবিশ্বাস এবং ফর্ম দেখে স্পষ্ট, মুম্বই ইন্ডিয়ান্স সহজে হার মানবে না।