আজকাল ওয়েবডেস্ক: আবার রেকর্ডবুকে ট্রেন্ট বোল্ট। সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নতুন নজির গড়লেন কিউয়ি পেসার। আইপিএলের প্রথম ওভারে সবচেয়ে ভয়ঙ্কর বোলারের তকমা পেলেন বোল্ট। আইপিএলের ম্যাচের প্রথম ওভারে নিজের ৩০তম উইকেট তুলে নেন মুম্বইয়ের তারকা বোলার। চলতি মরশুমে ওয়াংখেড়েতে নিজেদের প্রথম ম্যাচে নেমেছিল মুম্বই। প্রথম ওভারেই ফেরান সুনীল নারিনকে। বর্তমানে আইপিএলে প্রথম ওভারে সবচেয়ে বেশি উইকেটের মালিক ট্রেন্ট বোল্ট। ছাপিয়ে গিয়েছেন ভুবনেশ্বর কুমারকে। এর আগে ২৭ উইকেট নিয়ে একনম্বরে ছিলেন ভারতীয় পেসার। এই জায়গায় পৌঁছতে ১২৬ ম্যাচ নেন ভুবি। সেখানে মাত্র ৯৬ ম্যাচে এই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন বোল্ট।
প্রথম ওভারের চতুর্থ বলে নারিনকে ফেরান নিউজিল্যান্ডের তারকা বোলার। মাত্র দু'বল ক্রিজে টেকেন নাইট ওপেনার। সাধারণত শুরুতে মারমুখী মেজাজে শুরু করেন কেকেআরের অলরাউন্ডার। কিন্তু এদিন খাতা খোলার আগেই ফেরেন। প্রথম ওভারে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় ট্রেন্ট বোল্ট, ভুবনেশ্বর কুমার ছাড়াও প্রথম পাঁচে আছেন প্রবীণ কুমার (১৫ উইকেট), সন্দীপ শর্মা (১৩ উইকেট) এবং দীপক চাহার (১৩ উইকেট)। এদিন টসে জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠান হার্দিক পাণ্ডিয়া। দলে ফেরেন উইল জ্যাকস। অভিষেক হয় বাঁ হাতি পেসার অশ্বিনী কুমারের। প্রথম ভারতীয় পেসার হিসেবে অভিষেকে চার উইকেট নেওয়ার রেকর্ড করেন তরুণ পেসার। মুম্বইয়ের বোলারদের দাপটে ধরাশায়ী নাইটরা।
