আজকাল ওয়েবডেস্ক: ১৮ বছরের খরা কাটার হাতছানি। প্রথম দল হিসেবে আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার মুল্লানপুরে পাঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করেন কোহলিরা। এই নিয়ে চতুর্থবার ফাইনালে বেঙ্গালুরু। ২০০৯, ২০১১ এবং ২০১৬ সালে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সবচেয়ে বেশি। অন্তত আইপিএলের ইতিহাস এবং পরিসংখ্যান তাই বলছে।
আইপিএলের বর্তমান প্লে অফ ফরম্যাট অনুযায়ী, লিগ পর্বের পর প্রথম দুই দল ফাইনালে যাওয়ার দুটো সুযোগ পায়। ইতিহাস বলছে প্রথম কোয়ালিফায়ার জেতা দলেরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। ২০১১ সাল থেকে ১৪টির মধ্যে ১১বার আইপিএল জিতেছে সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করা দল। ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত প্রথম কোয়ালিফায়ার জেতা দলই চ্যাম্পিয়ন হয়েছে। এই তালিকায় রয়েছে চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স এবং কেকেআর। এই ট্রেন্ড অনুযায়ী আইপিএল জেতার সম্ভাবনা আরসিবিরই বেশি। এই প্রথম দাপটের সঙ্গে ফাইনালে উঠেছে বেঙ্গালুরু। ছন্দে আছেন বিরাট কোহলি। ফাইনালের আগে বিরতি তাঁদের প্রস্তুতিতে সাহায্য করবে। পরিসংখ্যান অনুযায়ী, আইপিএলের ১৮তম সংস্করণেই ট্রফি উঠতে পারে ১৮ নম্বর জার্সিধারীর হাতে।
