আজকাল ওয়েবডেস্ক:‌ সৌদি আরবে নাকি মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে চলেছে। ২৪ ঘণ্টা আগেও একাধিক সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়েছিল। 


প্রসঙ্গত, একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ২০২৬ সাল থেকে সৌদি আরবে পাওয়া যাবে মদ। আগামী দশ বছরের মধ্যে দুটো বড় আন্তর্জাতিক ইভেন্ট রয়েছে সৌদি আরবে। ২০৩০ সালে এক্সপো আছে। ২০৩৪ সালে রয়েছে ফিফা বিশ্বকাপ। তারই প্রস্তুতিস্বরূপ এই পদক্ষেপ নিতে চলেছে সরকার। কিন্তু এই খবর যে ভুয়ো তা জানিয়ে দিল সেখানকার প্রশাসন। সৌদির এক কর্তা জানিয়েছেন, ইসলামের জন্মস্থান যেখানে সেখানে ৭৩ বছরের এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনও প্রশ্ন নেই। 


এটা ঘটনা সোমবার খবরটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। রীতিমতো বিতর্ক দেখা দেয়। যে দেশে মক্কা ও মদিনার মতো জায়গা রয়েছে। ঐতিহাসিক মসজিদ রয়েছে। সেখানে এই নিষেধাজ্ঞা ওঠে কীভাবে তা নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়ে যায়। 


যদিও সৌদির রাজা মহম্মদ বিন সলমন দেশকে পর্যটন ব্যবসায় আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছেন। তার মধ্যে অন্যতম ২০১৭ থেকে মহিলাদের গাড়ি চালানোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তাই অনেকেই হয়ত ভেবেছিলেন খবরটি সত্যি। কিন্তু আদতে জানা গেল খবরটি ভুয়ো। মদের উপর থেকে উঠছে না নিষেধাজ্ঞা।


যদিও রিয়াধে রাজনৈতির ব্যক্তিত্বদের জন্য প্রথম মদের দোকান খোলা হয়েছিল গত বছর। সাধারণ মানুষ কিংবা পর্যটকদের সেখানে যাওয়ার কোনও উপায় নেই।