আজকাল ওয়েবডেস্ক: যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের ব্রুক গ্রিন এলাকায় নিজেদের বাড়ির সামনে থেকে চুরি হওয়া জাগুয়ার গাড়ি চোরদের চোখ এড়িয়ে নিজেরাই উদ্ধার করলেন এক দম্পতি। অভিযোগ, পুলিশ ব্যস্ত থাকায় তদন্তে আগ্রহ দেখায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওই দম্পতি, মিয়া ফোর্বস পিরি এবং মার্ক সিম্পসন, নিজেরাই উদ্যোগ নিয়ে গাড়ির অবস্থান খুঁজে বের করে তা ফিরিয়ে আনেন। জানা গিয়েছে, গাড়িটির সঙ্গে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা একটি ‘ঘোস্ট ইমমোবিলাইজার’ যুক্ত ছিল,। গোপন কোড ছাড়া গাড়ি চালু করা সম্ভব নয়। এছাড়াও গাড়িতে একটি অ্যাপল এয়ারট্যাগ লাগানো ছিল, যার মাধ্যমে ওই দম্পতি গাড়ির অবস্থান ট্র্যাক করতে পেরেছিলেন।
জানা গিয়েছে, গাড়িটি চুরি হয় গত ৪ জুন রাতে। এয়ারট্যাগের মাধ্যমে জানা যায়, ভোর ৩:২০ নাগাদ গাড়ি বাড়ির সামনে ছিল, এরপর সকাল ১০:৩০-এ সেটি চিসউইকে পৌঁছয়। সঙ্গে সঙ্গে ওই দম্পতি পুলিশের অপেক্ষা না করে নিজেরাই পৌঁছে যান ঘটনাস্থলে। চিসউইকের এক নির্জন গলিতে গাড়িটি খুঁজে পান তাঁরা। দেখা যায় গাড়ির ভিতরে কার্পেট ছিঁড়ে ফেলা ফেলছে দুষ্কৃতীরা। লিংকডইনে নিজের অভিজ্ঞতা শেয়ার করে মিয়া লেখেন, ‘নিজেদের গাড়ি নিজেরা চুরি করে ফেরত আনা কিছুটা মজার হলেও, প্রশ্ন জাগে—আমাদের এটা করতে হল কেন? এটা তো পুলিশের কাজ’। ঘটনার পর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা এই বিষয়ে দম্পতির সঙ্গে যোগাযোগ করবে এবং ফরেনসিক দল ঘটনাস্থলে পাঠানো হবে।
