আজকাল ওয়েবডেস্ক: রেস্তোরাঁয় খাবার পরিবেশন ঘিরে আবারও কেলেঙ্কারি। এঁটো খাবার ধুয়ে মুছে আবার সেই খাবার প্লেটে সাজিয়ে পরিবেশন করা হচ্ছে। নামী রেস্তোরাঁয় কর্মীদের কীর্তি ক্যামেরাবন্দি করলেন একাধিক খাদ্যরসিক ব্যক্তি। যা ঝড়ের গতিতে ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করা হল ওই রেস্তোরাঁর বিরুদ্ধে।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায়। সেখানকার নামী এক রেস্তোরাঁয় গ্রাহকদের এঁটো খাবার ধুয়ে আবারও পরিবেশন করতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছে নাসি কান্দার রেস্তোরাঁয়। চিকেন, মটন, টোফু, সবধরনের এঁটো খাবার, আবারও ধুয়ে প্লেটে সাজিয়ে পরিবেশন করতে দেখা গেছে সেখানে।
এক যুবক জানিয়েছেন, রাতের দিকে এক শপিং মলে ঘোরাফেরা করছিলেন তাঁরা কয়েকজন। সেই সময় রেস্তোরাঁর পিছনের জানলা দিয়ে দৃশ্যটি তাঁদের নজরে পড়ে। মুহূর্তটি ক্যামেরাবন্দি করার পর, ওই কর্মীদের জিজ্ঞেস করেন তাঁরা। উত্তরে ওই রেস্তোরাঁর কর্মীরা জানান, দীর্ঘদিন ধরেই এভাবেই খাবার ধুয়ে, আবারও রান্না করে পরিবেশন করা হচ্ছে। তাতে কেউই অসুস্থ হননি।
ভিডিওটি ভাইরাল হতেই রেস্তরাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে পুলিশ। গ্রাহকদের খাদ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই প্রশ্নের মুখে পড়েই তড়িঘড়ি রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়া হয়। নেগেরি সেমবিলান স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, খাবারের নমুনা সংগ্রহ তারা পরীক্ষা শুরু করেছে।
স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে। নানা ধরনের মাংস, খাবার ধুয়ে আবারও পরিবেশন করতে দেখা গেছে তাঁদের। রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত রেস্তোরাঁ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তে নেমে আধিকারিকরা আরও জানতে পারেন, রেস্তোরাঁয় বৈধ কোনও লাইসেন্স ছিল না। রেস্তোরাঁর রান্নাঘরটিও অত্যন্ত অপরিষ্কার ছিল। কর্মীদের টাইফয়েড ভ্যাকসিন নেওয়া ছিল না। চারিপাশে আরশোলা ঘুরতেও দেখা গেছে।
