আজকাল ওয়েবডেস্ক: ‘জেমস বন্ড’ খ্যাত বিখ্যাত হলিউড অভিনেতা পিয়ার্স ব্রসনান আইনি সমস্যায় পড়েছেন। পিয়ার্সের বিরুদ্ধে আমেরিকার ইয়েলোস্টোন জাতীয় উদ্যানে নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে। জঙ্গলের মধ্যে পর্যটকদের জন্য নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন অভিনেতা। ঘটনাটি ঘটে ১ নভেম্বর। ইতিমধ্যে ইয়োমিংয়ের ডিস্ট্রিক্ট কোর্টে পিয়ার্সের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পায়ে হেঁটে জঙ্গলের ‘থার্মাল’ অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে আগামী ২৩ জানুয়ারি ইয়েলোস্টোন আদালতে অভিনেতাকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ‘আনহোলি ট্রিনিটি’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন পিয়ার্স। শুটিংয়ের ফাঁকে সময় বার করে তিনি ইয়েলোস্টোন জাতীয় উদ্যানে ঘুরতে যান।