আজকাল ওয়েবডেস্ক: ভাইরাল হওয়ার আশায় জীবনের ঝুঁকি নিতে গিয়েই ঘটল বিপত্তি। চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি তোলার আশা ছিল ১৪ বছরের বালকের। সেলফি তোলাতেই মগ্ন সে। তখনই ছুটে আসে একটি ট্রেন। দ্রুত গতির ট্রেন দেখেও সরে যায়নি সে। বরং ওই অবস্থায় ভিডিও শুট করে। এরপরই চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই বালক। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রংপুরে। আহত বালকের নাম, লিখন। স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে সিংগিমারী ব্রিজ এলাকায় তিন বন্ধুকে নিয়ে বেড়াতে গিয়েছিল লিখন। রেললাইনের পাশে দাঁড়িয়েই সেলফি তুলছিল তারা। তখনই ৪৬২ ডাউন বুড়িমারী লোকাল ট্রেনটি ছুটে আসে। সিংগিমারী ব্রিজের উপর রেললাইনের একধারে দাঁড়িয়ে ভিডিও শুট করতে শুরু করে লিখন। তখনই ঘটে বিপত্তি। 

 

চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে লিখন। দুর্ঘটনার মুহূর্তটি ধরা পড়ে ভিডিওতে। গুরুতর আহত অবস্থায় প্রথমে প্রাইম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখান থেকে রংপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে তাকে। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন সে। 

 

বন্ধুরা জানিয়েছে, টিকটকের জন্য ভিডিও বানাচ্ছিল লিখন। তাতেই ঘটে বিপত্তি। জীবনের ঝুঁকি নিয়ে নিরাপদ দূরত্বের কথা না ভেবেই ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে ভিডিও শুট করে। অলৌকিকভাবেই প্রাণে বেঁচে রয়েছে সে।