আজকাল ওয়েবডেস্ক: গাজা উপত্যকার জাবালিয়া উদ্বাস্তু শিবিরে রবিবার ইজরাইলি হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই মহিলা ও শিশু। এছাড়া আহত হয়েছে শতাধিক। প্যালেস্টাইনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, তাছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ চাপা পড়ে আছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাবালিয়া শহরের আল-বারশ এবং আলওয়ান পরিবারের ব্যবহৃত আবাসিকস্থানে রবিবার এই ভয়াবহ হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, গাজায় ৭ অক্টোবর থেকে ইজরাইল হামলা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, প্যালেস্টাইনি ইসলামিক জিহাদ গ্রুপের মুখপাত্র দাউ্দের ছেলেও রবিবারের হামলায় নিহত হয়েছেন। ইজরাইল জানিয়েছে, তারা দক্ষিণ গাজায় গোলা বর্ষণ বাড়িয়েছে।
Jabalia: জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইজরাইলের বিমান হামলায় নিহত ৯০
















