আজকাল ওয়েবডেস্ক: বড়সড় পার্সেল। আঁটসাঁট করে বাঁধা। উপর থেকে বোঝার উপায় নেই ভিতরে কী আছে। পার্সেলের সাইজ দেখে যদিও ধারণা হতে পারে, ভিতরে বড় কিছু জিনিস থাকতে পারে। কিন্তু সেগুলো হালকা হবে কেন? বিরাট পার্সেল ডেলিভারি বয়ের হাতে তুলে দিতেই ঘটনার মোড় ঘটে গেল। 

পার্সেলে কী আছে, তা জিজ্ঞেস করেছিলেন ডেলিভারি বয়। গৃহবধূর কাছে যা উত্তর পেলেন, তাতেই চোখ কপালে। যে ঘটনার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কী ছিল ওই পার্সেলে, যা শুনেই চমকে ওঠেন ডেলিভারি বয়? 

জানা গেছে, পার্সেল ডেলিভারির জন্য একটি জনপ্রিয় অ্যাপে বুকিং করেছিলেন এক গৃহবধূ। জায়গায় পৌঁছেই গৃহবধূর থেকে পার্সেলটি নেন ডেলিভারি বয়। পার্সেলটি হাতে নিয়েই তাঁর সন্দেহ হয়েছিল। কিন্তু প্রথমেই প্রশ্ন করেন, কীভাবে পেমেন্ট করবেন তিনি? গৃহবধূ জানান, অনলাইনেই পেমেন্ট করে দিয়েছেন। 

এরপর পার্সেল নিয়ে গন্তব্যের দিকে রওনা দেন ডেলিভারি বয়। গন্তব্যে পৌঁছেই দেখেন, চারিদিকে আর্বজনার স্তূপ। পচা, দুর্গন্ধ পেয়েই খানিকটা সরে আসেন। এরপর ওই গৃহবধূকে ফোন করে ডেলিভারি বয় জিজ্ঞেস করেন, কোথায় এবং কার কাছে পৌঁছে দিতে হবে পার্সেলটি? এর উত্তরে গৃহবধূ জানান, 'ভাই পার্সেলটি ওই আর্বজনার স্তূপেই ফেলে দিন। পার্সেলে আর্বজনাই রয়েছে।' 

গৃহবধূর উত্তর শুনেই চমকে যান ডেলিভারি বয়। হাসতে হাসতে লুটিয়ে পড়েন। মজার ছলেই বলেন, 'এই হল আমাদের কাজ। এখন লোকজনের বাড়ির আর্বজনাও বহন করতে হচ্ছে।' ঘটনাটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গেছে। গৃহবধূর কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। 

একজন লিখেছেন, 'ডেলিভারি বয় মানেই তাঁকে যেকোনও কাজে ব্যবহার করা উচিত নয়।' একজন লিখেছেন, 'ঘটনাটি মজার নয়। বরং অপমানজনক। এই ধরনের কাজের আগে ডেলিভারি বয়ের সম্মানের কথা ভাবা উচিত ছিল।'