আজকাল ওয়েবডেস্ক : ছত্তিশগড়ে দ্বিতীয় দফা নির্বাচনের মধ্যেই ভোটারদের বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, দেশের উন্নতিকে সামনে রেখে দুর্নীতিকে সরিয়ে রাখার জন্য ভোট দিন। শাহ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, গোটা দেশ এখন উন্নতির পথে। সেখানে প্রতিটি ভোটারের উচিত উন্নয়নের পক্ষে ভোট দেওয়া। ভোটারদের ভোট আগামীদিনে ছত্তিশগড়ের শিক্ষা, মহিলা সুরক্ষা এবং আদিবাসীদের উন্নতির দিকটি নিশ্চিত করবে। ছত্তিশগড়ে লড়াই মূলত কংগ্রেস এবং বিজেপির মধ্যে। ভোটের প্রচারে দুই দলেরই হেভিওয়েট নেতারা আসরে নেমেছিলেন। বিজেপির পক্ষ থেকে যেমন ভোটের প্রচারে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ঠিক তেমনই কংগ্রেসের পক্ষেও গলা ফাটিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ভূপেশ বাঘেলের নেতৃত্বে বিগত দিনে এই রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস। এবারেও জয়ের বিষয়ে আশাবাদী তিনি। তবে বিজেপি যে এত সহজে ছেড়ে দেবে না তা বিলক্ষণ জানে কংগ্রেসও। তাই অমিত শাহের কথায় কান না দিয়ে সকলকে নির্ভয়ে ভোট দেওয়ার ডাক দিয়েছে কংগ্রেসও। তবে শেষ হাসি কে হাসবে তার জন্য অপেক্ষা করতে হবে ৩ ডিসেম্বর। সেদিনই জানা যাবে ছত্তিশগড় কি পরিবর্তনের পক্ষে ভোট দিল নাকি বিগত সরকারের ওপরেই তাদের আস্থা রইল।