আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ বিরতির পর আগামী ৬ জুন বৈঠকে বসতে চলেছে দেশের বিরোধী জোট ইন্ডিয়া। সূত্র মারফত জানা গিয়েছে খবর, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিরোধী রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণই হবে এই বৈঠকের মূল আলোচ্য বিষয়।
বিরোধী শিবিরের একাংশের মতে, পারস্পরিক সমন্বয়ের অভাবের সুযোগ নিয়ে ক্রমশ রাজনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে বিজেপি। পাশাপাশি বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলির প্রভাবও সাম্প্রতিক সময়ে দুর্বল হয়েছে বলে মনে করা হচ্ছে। এই প্রেক্ষাপটে বিরোধী দলগুলির মধ্যে ঐক্য আরও জোরদার করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পেতে পারে।
সূত্রের দাবি, রাজ্যগুলিতে নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। সম্প্রতি, বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
তিনি দাবি করেছিলেন, দেশবাসীকে নির্বাচন পরিচালনার পদ্ধতি সম্পর্কে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি ‘ভোট চুরি’ করেছে বলেও উল্লেখ করেছিলেন তিনি।
এরপর থেকেই বিরোধী দলগুলির বৈঠকের জন্য উদ্যোগী ছিলেন মমতা নিজেও। বিধানসভা ভোটে হারের পর ২০২৯ সালে লোকসভায় লড়াইয়ের বার্তা দিয়েছেন তিনি।
ইন্ডিয়া জোটের পাশে থাকার বার্তাও দিয়েছেন। যদিও অতীতে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস স্বাধীন অবস্থান নিয়েছিল। পাশাপাশি, রাহুল গান্ধীও সম্প্রতি বলেছেন, মতপার্থক্য ভুলে গণতন্ত্র রক্ষার স্বার্থে বিরোধী দলগুলির একসঙ্গে কাজ করা প্রয়োজন।
আসন্ন বৈঠকে ডিএমকের ভূমিকা বিশেষভাবে নজর কাড়তে পারে। ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক হলেও তামিলনাড়ুতে কংগ্রেস সম্প্রতি ডিএমকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অভিনেতা বিজয়ের দল টিভিকে-র সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথে হেঁটেছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ৬ জুনের বৈঠকে যোগ দিতে পারেন মমতা নিজেও। জানা গিয়েছে, সম্প্রতি রাহুল গান্ধীর সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা হয়েছে তৃণমূল নেত্রীর।















