বিয়ে করবে না বলে শেষ মুহূর্তে বর বা কনে পালিয়েছে, এমন ঘটনা কালেভদ্রে শোনা যায়। কিন্তু তাই বলে উত্তর প্রদেশের বরেলির এই বিয়েতে যা ঘটল সেটা দেখেশুনে চক্ষু চড়কগাছ সকলের! 

বিয়ের রাতেই প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় কনে। বলাই বাহুল্য, এ হেন ঘটনা দুই বাড়ির কাছেই যেমন শকের, তেমনই অপমানের। কনেপক্ষের তরফে গোটা অবস্থা ম্যানেজ দেওয়ার চেষ্টা করা হয়। বিয়ে বাতিলের পরবর্তীতে দুই পরিবারের তরফে ঠিক করা হয় যে তাঁরা পাত্রকে অনুরোধ করবেন যাতে তিনি আসল পাত্রীর বোনকে বিয়ে করেন। যেমন ভাবা তেমন কাজ। পাত্রও রাজি হন। কিন্তু তাঁর বিধি বোধহয় সেদিন বেঁকে বসেছিল। রিপ্লেসমেন্ট হিসেবে যাঁকে ঠিক করা হল, তাঁর সঙ্গেও পাত্রের বিয়েটা হল না। কেন? পাত্রীর বোনও অন্য কাউকে ভালবাসেন। তিনি অন্য একটি সম্পর্কে রয়েছেন। শুধু তাই নয়, সেই বিয়ে বাড়িতে হাজির ছিলেন তাঁর প্রেমিকও। ফলে দ্বিতীয় বিয়েও ভেস্তে যায়। 

এভাবে, একটা নয়, দু'টো বিয়ে ভেস্তে যাওয়ায় দুই পরিবারের মধ্যে জোর তর্কাতর্কি, অশান্তি লাগে। বিয়ে বাড়ি খণ্ডযুদ্ধের ময়দানে পরিণত হয়। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

এই ঘটনা প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় হইচই পড়ে যায়। এক ব্যক্তি মজা করে লেখেন, 'গোটা সিনে একজনের কমতি ছিল। পাত্রের প্রেমিকার। সে এলেই খেলা জমে যেত।' কেউ আবার লেখেন, 'বিয়ে না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। একটা ডিফেকটিভ বেরোল তো আর একটা নিয়ে যাও!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'তবু ভাল বিয়ে করে মেরে ফেলেনি। আগেই পালিয়ে গেছে।' চতুর্থ ব্যক্তির মতে, 'ঠিকই হয়েছে। মেয়েদের অমতে বিয়ে ঠিক করলে এভাবেই অপমানিত হতে হবে।'