সমাজমাধ্যমে হঠাৎ হঠাৎ এমন পোস্ট ভাইরাল হয় যা দেখে ঠোঁটের কোণে এক চিলতে হাসি এমনই ফুটে ওঠে। ঠিক যেমন এই ভিডিও। হাতে চ্যানেল করা, মাথায় ব্যান্ডেজ বাঁধা, কিন্তু তাই বলে মজা, দুষ্টুমিতে ফাঁকি? একেবারে নয়। হাসপাতালের বিছানাতেই নাচ শুরু খুদের। আর সেই ভিডিও এদিন নেটপাড়ায় নজর কাড়ল সকলের।
এদিন অদিতি নামক এক মহিলা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে শেকি শেকি গানে নাচ করছে সে। কখনও সামনে ফিরে, কখনও পিছু ফিরে। কখনও দিদির নকল করছে, কখনও আবার আপন খেয়ালে নেচে চলেছে। এদিন অদিতি ভাইয়ের এই নাচের ভিডিও পোস্ট করে লেখেন, 'একটা ছোট্ট আঘাত ওর হাসিকে কেড়ে নিয়ে পারেনি। আমার ভাই কান্নাকাটি করার বদলে, হাসপাতালকেই ডান্স ফ্লোর বানিয়ে নিয়েছে। আর বলাই বাহুল্য আমাকেও তাতে যোগ দিতে হয়েছে।'
তিনি এদিন একই সঙ্গে আরও লেখেন, 'নার্সরা হয়তো ভেবেছিলেন ও কাঁদবে, কিন্তু ওর কাণ্ড দেখে তাঁরা হেসে খুন। ভাই নিজে হেসে, নেচে, আমার সঙ্গে নাচ করে অপ্রত্যাশিত জায়গায় সুন্দর স্মৃতি তৈরি করে নিচ্ছে। ওর সাহস আমায় প্রতিদিন মুগ্ধ করে। এই ছোট্ট ছেলেটি যদি সেলাই, ব্যান্ডেজ নিয়ে হাসতে পারে, তাহলে কঠিন দিনে আমাদের কী করে হাসি ধরে রাখতে হয়, ভাল থাকতে হয় সেটা শিখতেই হবে।'
















