আজকাল ওয়েবডেস্ক: ভারতের নতুন জাতীয় শিক্ষা নীতির অধীনে প্রথমবারের মতো একটি বিদেশি বিশ্ববিদ্যালয় ভারতে তার ক্যাম্পাস খুলতে চলেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে ব্রিটেনের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় গুরগাঁওয়ে তাদের প্রথম বিদেশি শাখা খুলতে চলেছে।
ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকর একটি অনুষ্ঠানে সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে "লেটার অফ ইন্টেন্ট" তুলে দেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০২৩ সালে "ভারতে বিদেশি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাস স্থাপন ও পরিচালনা বিধান" ঘোষণা করেছিলেন, যার অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইউজিসি-র চেয়ারম্যান জগদিশ কুমার জানিয়েছেন, "ভারতে সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে প্রদত্ত ডিগ্রিগুলি ব্রিটেনের মূল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সমমানের হবে। ভারতে ক্যাম্পাসে প্রদত্ত প্রোগ্রামগুলি একইরকম একাডেমিক এবং গুণগত মান বজায় রাখবে।"
এউজিসি-র স্থায়ী কমিটি, যার মধ্যে ভারত এবং বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদরা ছিলেন, সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব অনুমোদন করেছে এবং "লেটার অফ ইন্টেন্ট" জারি করেছে।
বিশ্ববিদ্যালয়টি ২০২৫ সালের জুলাই থেকে তাঁদের একাডেমিক প্রোগ্রামগুলি শুরু করতে চলেছে। প্রথমে ব্যবসা ও ব্যবস্থাপনা, কম্পিউটিং, আইন, ইঞ্জিনিয়ারিং, শিল্প ও ডিজাইন, জীববিজ্ঞান এবং জীবন বিজ্ঞান সম্পর্কিত কোর্সগুলি চালু করা হবে বলে জানা গেছে।
এই পদক্ষেপের ফলে ভারতীয় শিক্ষার্থীরা দেশেই আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।
