আজকাল ওয়েবডেস্ক: ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম দুই সপ্তাহ কেরলের স্কুলগুলিতে পাঠ্যপুস্তক পাঠ্যক্রম পড়ানো হবে না। পরিবর্তে ক্লাসে কেবল সামাজিক সচেতনতামূলক বিষয়ে তুলে ধরা হবে। রাজ্যের জনশিক্ষা বিভাগ এই ঘোষণা করেছে। এই ধরণের উদ্যোগ ভারতে প্রথম। অভিনব এই পদক্ষেপের লক্ষ্য হল শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়গুলি সম্পর্কে শিক্ষিত করে তোলা।

শিক্ষামন্ত্রী ভি শিভানকুট্টি জানিয়েছেন যে, সচেতনতামূলক আলোচনা- মাদকের অপব্যবহার, সরকারি সম্পত্তি ধ্বংস রোধ এবং মানসিক নিয়ন্ত্রণ-সহ বিভিন্ন বিষয়ের উপর হবে। শিভানকুট্টি বলেন, "দুই সপ্তাহ ধরে, শিশুরা পাঠ্যপুস্তক পড়বে না, তবে আমরা বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক সেশন এবং আলোচনা করব।"

মন্ত্রী আরও বলেন যে, পুলিশ, আবগারি, শিশু অধিকার কমিশন, সামাজিক ন্যায়বিচার, জাতীয় স্বাস্থ্য মিশন, নারী ও শিশু উন্নয়ন, কেরলের রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ (এসসিইআরটি) এবং অন্যান্য প্রাসঙ্গিক বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে দুই দিনের কর্মশালার পরে এই সেশনগুলির জন্য নির্দেশিকা নির্ধারণ করা হয়েছে।

দুই সপ্তাহে যেসব বিষয়ে আলোচনা করা হবে তার মধ্যে রয়েছে মাদকের ব্যবহার, হিংসাত্মক আচরণ নিয়ন্ত্রণ, পরিবেশগত ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, মানসিক নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং আইন সচেতনতা ইত্যাদি।

১ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা ২ জুন থেকে শুরু হওয়া দুই সপ্তাহের আলোচনাসভায় অংশগ্রহণ করবে। অন্যদিকে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা ১৮ জুলাই থেকে এক সপ্তাহের জন্য একই ধরণের কর্মসূচি পালন করবে। শিল্প, খেলাধুলা এবং সামাজিক সমস্যা শিক্ষার জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করার জন্য স্কুলগুলি তাদের সময়সূচিও তৈরি করেছে।