আজকাল ওয়েবডেস্ক: এক ভিক্ষুককে মারা হল ট্রাক চাপা দিয়ে। এরপর নিজের পরিচয়পত্র রেখে দেওয়া হল মৃতের পকেটে। ঋণ থেকে বাঁচতে এমনই কাণ্ড ঘটিয়েছেন ট্রাক চালক। সত্যি সামনে আসতেই তাজ্জব পুলিশ। ঘটনাটি রাজস্থানের।
রাজ্যের বাঁশওয়ারা জেলায় গত এক ডিসেম্বর একটি দুর্ঘটনা ঘটে। পুলিশের কাছে খবর পৌঁছলে তারা রাস্তার ধারে একটি মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটির মুখের অবস্থা এতটাই বীভৎস ছিল সেটা দেখে কিছু বোঝা যাচ্ছিল না। পাশ থেকেই উদ্ধার হয় পরিচয়পত্র। তাতে ওই মৃতদেহটি নারায়ন সিং রাওয়াত নামে এক ব্যক্তির বলে পুলিশের ধারণা জন্মায়। পুলিশ ও ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু পরিবারের তরফে মৃতদেহটি দেখে অস্বীকার করা হয়। এরপর পুলিশ তদন্তে নামে। উঠে আসে হাড়হিম করা তথ্য। নরেন্দ্র সিং রাওয়াত নামে ওই ব্যক্তি ঋণে জর্জরিত ছিলেন। আর্থিক দুর্দশা থেকে বাঁচতে তিনি এই পরিকল্পনা নিয়েছিলেন। তিনি মারা গিয়েছেন এটা প্রচারিত হলে তিনি যে বিমা করিয়েছিলেন সেই টাকা ফেরত পাওয়া যাবে। ফলে তিনি ঋণের দায় থেকে মুক্ত হতে পারবেন।
পুলিশ জানিয়েছে, তিনজনে মিলে এক ভিক্ষুককে হত্যার প্ল্যান করেন। নরেন্দ্র সিং এর সঙ্গে ছিলেন ভৈরুলাল এবং ইব্রাহিম নামে আরও দু'জন। মৃত ওই ব্যক্তির আসল নাম তুফান সিং। তিনি একজন গৃহহীন ব্যক্তি। তাঁকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে বলে ভাব জমায় অভিযুক্তেরা। এরপর তিনজনে মিলে ৩০ নভেম্বর তুফান সিং কে মদ খাওয়ান। তুফান সিং মদ খেয়ে বেঁহুশ হয়ে গেলে তাঁকে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তেরা। এরপর পরিকল্পনা অনুযায়ী, ইব্রাহিম তুফানের দেহের উপর দিয়ে ট্রাক চালিয়ে দেয়। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তুফানের। তারপর নরেন্দ্র সিং তাঁর নিজের পরিচয়পত্র মৃতদেহের কাছে রেখে পালিয়ে যান। বাকি দু'জনকে পুলিশ ধরলেও নরেন্দ্র সিং এখনও অধরা। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
















