আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসে মানুষ বছরের পর বছর যা জেনে আসছেন, শিখে আসছেন তা নাকি ভুল! একেবারেই সত্য নয়। আর ওই ভুল নাকি ইতিহাসে যুক্ত হয়েছে ব্রিটিশ ঐতিহাসিকদের প্রভাবে। রাজস্থানের রাজ্যপালের মন্তব্যে জোর চর্চা।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাজস্থানের রাজ্যপাল হরিভাউ বাগাড়ে দাবি করেছেন, ব্রিটিশ ঐতিহাসিকদের প্রাথমিক প্রভাবের কারণে ভারতীয় ইতিহাসে বেশ কিছু ভুল লিপিবদ্ধ করা হয়েছে। যার মধ্যে যোধা-আকবরের বিয়ের প্রসঙ্গ অন্যতম।

বুধবার সন্ধেয় উদয়পুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজস্থানের রাজ্যপাল দাবি করেন, আকবরনামায় যোধা ও আকবরের বিয়ের কোনও উল্লেখ নেই।

তিনি বলেন, ‘কথিত আছে যে যোধা ও আকবর বিয়ে করেছিলেন এবং এই গল্পের উপর একটি চলচ্চিত্রও নির্মিত হয়েছিল। ইতিহাসের বইগুলিও একই কথা বলে, কিন্তু এটি মিথ্যা।‘  তাঁর দাবি, ভারমল নামে এক রাজা ছিলেন এবং তিনি এক পরিচারকের মেয়েকে আকবরের সঙ্গে বিয়ে দিয়েছিলেন।

বাগাড়ের দাবি, ঘরের ইতিহাস ভুল ভাবে উল্লিখিত হয়েছে। তিনি বলেন, ‘ব্রিটিশরা আমাদের বীরদের ইতিহাস বদলে দিয়েছে। তাঁরা এটি সঠিকভাবে লেখেননি এবং তাঁদের ইতিহাসের সংস্করণটি প্রাথমিকভাবে গৃহীত হয়েছিল। পরে, কিছু ভারতীয় ইতিহাস লিখেছিলেন কিন্তু এটি সেটিও ব্রিটিশদের দ্বারা প্রভাবিত।‘

মহারাণা প্রতাপ এবং ছত্রপতি শিবাজি  যদি সমসময়ের হতেন, তাহলে পরিস্থিতি অন্য হত বলেও বক্তব্যে দাবি করেছেন বাগাড়ে। তিনি আরও বলেন, বর্তমান শিক্ষানীতিতে পরিস্থিতি অনেকটাই উন্নত। নতুন জাতীয় শিক্ষা নীতিতে, আমাদের সংস্কৃতি এবং গৌরবময় ইতিহাস সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মকে সঠিক বিষয়ে তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে।