আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডের নজর আজ আস্থা ভোটের দিকে। নতুন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন আজ নিজের শক্তিপ্রদর্শন করবেন বিধানসভায়। সেই ভোটে অংশগ্রহণ করতে পারবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। ইতিমধ্যে হায়দরাবাদ থেকে সরকার জোটের বিধায়কদের ফিরিয়ে আনা হয়েছে রাঁচীতে। যেদিন ঝাড়খণ্ডের আস্থাভোট, সেদিনই সেখানে ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার সিধু-কানহু মাঠে রাত্রিবাসের পর রামগড় জেলা থেকে রাহুল গান্ধী এদিন ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন। সোমবার সকালে মহাত্মা গান্ধী চক থেকে শুরু হয়েছে এই যাত্রা। একাধিক কর্মসূচি এবং মধ্যাহ্নভোজের বিরতির পর রাহুলের যাত্রা পৌঁছবে রাঁচীর শহিদ ময়দানে। সেখানে জনসভায় বক্তৃতা রাখবেন রাহুল। রবিবার রাহুল গান্ধী বলেছিলেন, তাঁর দল আদিবাদীদের জল-জঙ্গল-জমির অধিকারের পক্ষে দাঁড়িয়েছে।