আজকাল ওয়েবডেস্ক: রবিবার,৩ মে, মেডিক্যালের স্নাতকে ভর্তির প্রবেশিকা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)। সর্বভারতীয় এই পরীক্ষার আয়োজন করা হবে দেশের বাছাই করা কেন্দ্রে। তার আগেই ঘটে গেল দুর্ঘটনা। পরীক্ষার প্রস্তুতির মাঝেই আত্মঘাতী এক যুবক। রাজস্থানের কোটার এই ঘটনায় ইতিমধ্যেই ছড়িয়েছে চাঞ্চল্য।
জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা তথ্যানুসারে রবিবারের পরীক্ষার জন্য নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ২২ লক্ষের বেশি। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সেই পরীক্ষার জন্যই প্রস্তুতি নিচ্ছিলেন ২০ বছরের যুবক দীক্ষিত রাজেশ্বরী। উত্তরাখন্ডের বাসিন্দা ওই যুবক রাজস্থানের কোটায় মেডিক্যাল পরীক্ষার জন্য দিনরাত এক করে পড়াশোনা করছিলেন। তার পর শনিবারই ঘটে যায় অঘটন। এ দিন সকালে কুনহাদি থানা এলাকায় ল্যান্ডমার্ক সিটি এলাকায় চারতলা থেকে নীচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক কী ভাবে চারতলা থেকে পড়ে গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে। সত্যিই দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, গত দু'বছর ধরে ওই কোচিং ইনস্টিটিউটে দীক্ষিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। হোস্টেলের চারতলাতেই ছিল তাঁর ঘর। সেখান থেকেই তিনি নীচে পড়ে যান। পুলিশ এসে মৃতদেহ হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এর পর তাঁর পরিবারকেও জানান হয় মৃত্যুসংবাদ। জানা গেছে, তাঁরা কোটায় পৌঁছনোর পরই ঘটনার ময়নাতদন্ত শুরু হবে।
অন্য দিকে, শুক্রবারই কোটায় আরও এক নিট পরীক্ষার্থীর মৃত্যু হয়। ২১ বছর বয়সি যুবক আলভিন কুমার সেখানে এসেছিলেন পরীক্ষার প্রস্তুতি নিতে। গত এক বছর ধরে বেসরকারি কোচিং সেন্টারেই চলত ঝাড়খন্ড নিবাসী আলভিনের। কোরাল পার্কে হোস্টেলের ঘর থেকে শুক্রবার ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি মৃতের ঘর থেকে। এর পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয়েছে ময়নাতদন্ত। তবে পরীক্ষার আগে কোটায় একের পর এক পড়ুয়ার মৃত্যুর পর ধোঁয়াশা তৈরি হয়েছে।















