আজকাল ওয়েবডেস্ক: পাশের বাড়ির দাদা কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া করে এখন মাইক্রোসফটে চাকরি করছে। সেই দেখে যদি আপনিও এখন ভাবেন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়োলেই লাখ টাকার চাকরি পেয়ে যাবেন, তাহলে একটু ভুল হয়ে যাচ্ছে ভাবনায়। একটি পডকাস্টে একজন টেক লিডার বর্তমানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার পরে চাকরি বাজারের অবস্থা কেমন হতে চলেছে, সেই নিয়ে বিস্তারে জানিয়েছেন। তাঁর কথায়, বর্তমান প্রজন্ম ভাবছে কোডিং শিখলেই চট করে চাকরি পেয়ে যাবে। কিন্তু তাঁর মতে, পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। 

রেপ্লিট কোম্পানির সিইও আমজাদ মাসাদ তাঁর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি পডকাস্টে স্পষ্ট জানালেন, কম্পিউটার সায়েন্স পড়ে আনন্দ না পেলে এই বিষয়ে উচ্চশিক্ষা না নেওয়াই ভাল। তাঁর কথায়, “আলোতে পোকা যেভাবে ছুটে যায়, সেভাবে যদি কেউ এই বিষয়ের দিকে দৌড়ে না যেতে পারে, তার এই বিষয় নিয়ে লেখাপড়া না করাই ভাল। গুগলে মোটা অঙ্কের বেতনের চাকরি পাওয়ার আশায় শুধু শুধু কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া কোরো না।” তিনি আরও বলেন, “যার কম্পিউটার সায়েন্স নিয়ে আগ্রহ নেই তাঁকে এই বিষয় নিয়ে পড়তে বলা সত্যিই খুব বোকা বোকা মনে হয়।” 

একজন ব্যবসায়ী হিসাবে মাসাদ ২০১৬ সালে নিজের কোম্পানি রেপ্লিট শুরু করেন। এটি একটি কোডিং কোম্পানি। যত সময় এগিয়েছে তত ম্যানুয়াল কোডিং বদলে কৃত্তিমবুদ্ধিমত্তা বা এআই দিয়ে কোডিংয়ের দিকে ঝুঁকেছে বেশি। তিনি কোডিংয়ের বাজার কীভাবে বদলে গিয়েছে তা নিয়ে বিস্তারে মতামত জানিয়েছেন। 

তাঁর কথায়, “আগে মানুষ কম্পিউটার সায়েন্স শিখতেন নিজের আগ্রহ থেকে। ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকতেন নিজের আনন্দে। কোনও বড় কোম্পানিতে চাকরি করতে হবে এই আকাঙ্খায় নয়। কিন্তু বর্তমানে এই বিষয়টা আসলে খুব হাইপ পাচ্ছে। অনেক ছাত্রছাত্রী ভর্তি হচ্ছেন। আমি মনে করি বর্তমানে এআই দিয়ে সুন্দর কোডিং করা যাচ্ছে। এখন কোডিংয়ের থেকে বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে এআই।” তিনি জানান, বড় কোম্পানি যদি লক্ষ্য হয় তাহলে বর্তমানে এআই-এ পারদর্শী হওয়াই শ্রেয়। 

পাশাপাশি তিনি জানান, অবশ্যই বেসিক কম্পিউটার সায়েন্স সম্পর্কে জ্ঞান থাকাটা খুবই দরকার। ডেটা গঠন কীভাবে করতে হয়, সেই বিষয়ে সম্মুখ ধারণা না থাকলে এআই দিয়েও সম্পূর্ণ কাজ করানো সম্ভব নয় বলে তাঁর মত। আমজাদের কথায়, “আমি বিশ্বাস করি এআই দিয়ে নিখুঁত কাজ হতে পারে। তবে আমরা যদি নাই জানি কীভাবে কাজে লাগাব তাহলে এআই একা একা কিছুই করতে পারবে না। ফলে আমাদের শিখতে হবে ভালবেসে। শুধু চাকরি করব ভেবে শিখতে শুরু করলে কোডিংয়ের এই বিরাট জগতকে ধরতে পারব না কোনও দিনও।”