আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেলের কামরায় ফের কেলেঙ্কারি ফাঁস। সিটে বসে, সহযাত্রীদের সামনেই ধূমপানের চেষ্টা এক যুবকের। ধূমপানে বাধা দিতেই ঘটল অঘটন। যে যুবক ধূমপানে বাধা দেন, তাঁকেই উল্টে হামলা করা হল! ঘটনাটি ঘিরে ব্যাপক শোরগোল ছড়িয়েছে। 

জানা গেছে, এই ঘটনার ২৭ সেকেন্ডের একটি ভিডিও এক্স হ্যান্ডেলে সম্প্রতি ভাইরাল হয়েছে। দ্য নালন্দা ইনডেক্স নামের প্রোফাইল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গেছে, দূরপাল্লার ট্রেনের উপরের সিটে বসেই এক যুবক সিগারেট খাওয়ার চেষ্টা করেন। সহযাত্রীরা তাঁকে নিষেধ করেছিলেন। সেই নিষেধের তোয়াক্কা না করেই ধূমপান করেন যুবক। 

ভারতীয় রেলে মদ্যপান ও ধূমপান নিষিদ্ধ। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, এটি দণ্ডনীয় অপরাধ। ওই ট্রেনেই এক সহযাত্রী যুবক ওই যুবককে সিগারেট খেতে নিষেধ করার জন্য এগিয়ে আসেন। শুরুতেই তাঁকে পাত্তা দেননি। এরপরই জোর করে যুবকের হাত থেকে সিগারেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই সহযাত্রী। তাতেই ঘটে বিপত্তি। সিগারেট ছিনিয়ে নেওয়ার জন্য সহযাত্রীর ওপর হামলা করেন যুবক। 

এক্স হ্যান্ডেলেও ভিডিওটি শেয়ার করে যুবক লিখেছেন, চলন্ত ট্রেনে ধূমপানের জেরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটতে পারে। চিলতে আগুনের ফুলকি থেকেই আগুন ছড়িয়ে পড়তে পারে গোটা ট্রেনে। হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারে নিমেষের মধ্যে। বিপুল ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটতে পারে। 

পাশাপাশি দূরপাল্লার ট্রেনে পুলিশ, নিরাপত্তারক্ষীদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এই পরিস্থিতিতে যুবকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৎক্ষণাৎ করা উচিত ছিল বলেও অনেকে লিখেছেন। এই পোস্টেই ভারতীয় রেল মন্ত্রক এবং আরপিএফ-কে মেনশন করেছেন যুবক। চলন্ত ট্রেনে প্রকাশ্যে ধূমপানের জন্য যুবকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন সকলে। 

ঘটনাটি ঘিরে নেটিজেনরাও তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। বিরাট দুর্ঘটনার আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা। অনেকেই কমেন্টে আরপিএফ-কে মেনশন করেছেন।