আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালে মোট চারটি গ্রহণ হবে। এর মধ্যে দু'টি সূর্যগ্রহণ ও দু'টি চন্দ্রগ্রহণ। ভারত থেকে অবশ্য দেখা যাবে মাত্র একটি গ্রহণ। উজ্জয়নী জিওয়াজি পর্যবেক্ষণ কেন্দ্রের রাজেন্দ্র প্রকাশ গুপ্ত এই তথ্য প্রকাশ করেছেন। সংবাদ সংস্থা পিটিআই-এর সঙ্গে কথা বলার সময়, রাজেন্দ্র প্রকাশ গুপ্ত আসন্ন গ্রহনগুলির বিশদ বিবরণ দিয়েছেন এবং সেগুলি কোথা থেকে দেখা যাবে তা জানিয়েছেন।
প্রথম চন্দ্রগ্রহণ
- ১৩- ১৪ মার্চ বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। এদিন চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে।
- ইউরোপ, এশিয়ার অধিকাংশ, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং আমেরিকা থেকে এই গ্রহণ দেখা যাবে। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না।
প্রথম সূর্যগ্রহণ
- ২৯ মার্চ বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আংশিক সূর্যগ্রহণ। গ্রহণের সময় শুধুমাত্র সূর্যের একটি ভগ্নাংশ চাঁদ দ্বারা অবরুদ্ধ হবে।
- ইউরোপ, উত্তর এশিয়া, উত্তর-পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকার একটি বড় অংশ এবং উত্তর দক্ষিণ আমেরিকার কিছু অংশ এই গ্রহণ দেখা যাবে। ভারত থেকে এই গ্রহণও দেখা যাবে না।
দ্বিতীয় চন্দ্রগ্রহণ
- ৭-৮ সেপ্টেম্বর বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটিও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই সময়ে চাঁদের চারিদিকে লাল রঙা আভার ফলে, একেবারে বিরল দৃশ্য দেখা যাবে।
- ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, আমেরিকার কিছু অংশ এবং ভারত মহাসাগর অঞ্চল জুড়ে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। ফলে ভারত থেকে এই গ্রহণ দৃশ্যমাণ হবে।
দ্বিতীয় সূর্যগ্রহণ
- ২১-২২ সেপ্টেম্বর আংশিক সূর্যগ্রহণ হবে। নিউজিল্যান্ড, ইস্টার্ন মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকায় এই আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
ভারত থেকে ২০২৫ সালে বেশ কয়েকবার উল্কাপাতও দেখা যাবে।
উল্কাপাতের সময়-
- ৩-৪ জানুয়ারী। প্রতি ঘন্টায় ৮০-১২০ উল্কা রাতের আকাশকে আলোকিত করবে।
- ১২-১৩ অগাস্ট। প্রতি ঘন্টায় ১০০ উল্কা পড়বে।
- ১৪-১৫ ডিসেম্বর। প্রতি ঘন্টায় ১৫০ উল্কার পতন হবে।
এই উল্কা পতন দেখতে কোনও যন্ত্র ব্যবহারের প্রযোজন নেই। খালি চোখেই সকলে দেখতে পারবেন।
