আজকাল ওয়েবডেস্ক: তুতো ভাইয়ের সঙ্গে রোজ ঘন্টার পর ঘন্টা কথা বলতেন স্ত্রী। স্বামীর সন্দেহ হয়েছিলো, স্ত্রী ভাইয়ের সঙ্গেই প্রেম করছেন। মানসিক অশান্তিতে অবশেষে চরম পদক্ষেপ করলেন যুবক। চার সন্তানকে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন চলন্ত ট্রেনের সামনে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিল্লীর ফরিদাবাদে। পুলিশ জানিয়েছে, গোল্ডেন টেম্পেল এক্সপ্রেসের সামনে ঝাপ দিয়ে চার সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন যুবক। নিহত ব্যক্তির নাম মনোজ মাহাতো। তিনি বিহারের বাসিন্দা।
ঘটনাস্থল থেকে একটি আধার কার্ড উদ্ধার করা গেছে।
সেখান থেকেই মৃত ব্যক্তির স্ত্রীর ফোন নম্বর উদ্ধার করে পুলিশ।পরিবারকে এই দুর্ঘটনার কথা জানায় তারা। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি বাদশা খান সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত যুবকের স্ত্রী জানিয়েছেন ঘটনার দিন তিনি জানিয়েছিলেন সন্তানদের নিয়ে পার্কে যাচ্ছিলেন। তাই কারও সন্দেহ হয়নি। সম্ভবত বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহের বশে আত্মহত্যা করেছেন। স্ত্রী আরও জানান তুতো ভাইয়ের সঙ্গে তাঁর নিত্যদিন কথা হত। স্বামী এর জেরেই সন্দেহ করতেন, তুতো ভাইয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত রয়েছেন। যুবকের চার সন্তানকে নিয়েই চরম পদক্ষেপে হতবাক গোটা পরিবার।
