আজকাল ওয়েবডেস্ক : ভারতের রাজনীতিতে এমন ঘটনাও ঘটে থাকে। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মহারাষ্ট্রে ধাঙড় সমাজের সংরক্ষণের বিরোধিতায় সচিবালয়ের তিনতলা থেকে ঝাঁপ দিলেন মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার তথা এনসিপি বিধায়ক নরহরি জিরওয়াল।
তাকে দেখে একই কাজ করলেন বিজেপির আদিবাসী সাংসদ হেমন্ত সাভ্রা ও বিধায়ক কিরান লাহামাতে-সহ বেশ কয়েকজন। তবে কপাল জোরে বেঁচে যান সকলেই। কারণ একটাই ওই সচিবালয়ের নির্মীয়মাণ বিল্ডিংয়ের নিচে নিরাপত্তা স্বরূপ বিছিয়ে রাখা জালে আটকে যান তারা। সেখান থেকে তাঁদেরকে উদ্ধার করে পুলিশ।
জানা গিয়েছে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ধাঙড় গোষ্ঠীর ভোটকে গুরুত্ব দিয়ে তাদের তপসিলি জনজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে একনাথ শিন্ডের সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে নামেন আদিবাসী সম্প্রদায়ের সাংসদ ও বিধায়করা। শুক্রবার সকালে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে সচিবালয়ের তিন তলা থেকে ঝাঁপ দেন নরহরি জিরওয়াল।
তাঁর দেখাদেখি ঝাঁপ দেন আরও সাংসদ হেমন্ত সাভ্রা ও বিধায়ক কিরান লাহামাতে, হিরামন খোসকার, রাজেশ পাটিল। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মহারাষ্ট্রে। জোট সরকারের সাংসদ-বিধায়কদের ক্ষোভ মেটাতে তাঁদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। তবে এদিনের এই ঘটনার জেরে সকলে রীতিমতো হতবাক। যদি জাল না বিছানো থাকত তবে কোন বড় দুর্ঘটনা অপেক্ষা করে ছিল তা ভাবলেই শিউরে উঠছেন প্রশাসনের কর্তারা।
