আজকাল ওয়েবডেস্ক: চা খেতেই ব্যস্ত বৃদ্ধ। ট্রেন যে মাত্র দু'মিনিট দাঁড়াবে স্টেশনে, তা ভুলেই গিয়েছিলেন। চা খেতে খেতে শুনতেই পাননি ট্রেনের হুইসেল। দেখেননি ট্রেনের চাকা ইতিমধ্যেই গড়াতে শুরু করেছে। আর তার জেরেই ঘটল বিপত্তি। চা খেতে গিয়ে বন্দে ভারত স্লিপারে উঠতেই পারলেন না তিনি। 

ঘটনাটি ঘটেছে কলকাতায়। হাওড়ায় বন্দে ভারত স্লিপারটি দাঁড়িয়েছিল। তখনই চা খেতে নেমেছিলেন ওই বৃদ্ধ। হাওড়া স্টেশনে বন্দে ভারত স্লিপারের পাশে দাঁড়িয়ে চা খেতে দেখা গিয়েছে তাঁকে। ঠিক দু'মিনিট পরেই বন্দে ভারত স্লিপারের দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এরপরই চলতে শুরু করে ট্রেনটি। 

হাত দেখিয়ে ট্রেনটি থামানোর সংকেত দেন বৃদ্ধ। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। অবশেষে বৃদ্ধকে সাহায্য করতে এগিয়ে আসেন আরপিএফ। লোকো পাইলটকে বলতেই একটি স্টেশনে দাঁড়াতে বলেন। অবশেষে সেখানেই পৌঁছে ট্রেনে উঠতে পারেন ওই বৃদ্ধ। 

জানা গেছে, ওই বৃদ্ধ পরিবারের সঙ্গে অসমের কামাখ্যায় যাচ্ছিলেন।‌ দিন কয়েক আগেই বন্দে ভারত স্লিপার চালু হয়েছে এই রাজ্যে। ঘটনাটির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা দেখে মজার কমেন্ট করেছেন নেটিজেনরা। 

একজন লিখেছেন, 'এটি রেল স্টেশন না বাস স্টপ!' আরেকজন লিখেছেন, 'চায়ের প্রতি এই প্রেম কত যে সর্বনাশ ঘটাচ্ছে।' আরেকজন লিখেছেন, 'বাসের সঙ্গে বন্দে ভারত স্লিপার গুলিয়ে ফেলেছিলেন তিনি।'

গত বছর আগস্ট মাসে এমন আরেকটি ঘটনা ঘটেছিল। ছুটছে ট্রেন। রেললাইনে ফসকে পড়ে যায় সারমেয়। তোলার চেষ্টা করেও সফল হননি মালিক। সাহায্যের জন্য ছুটে আসেন আশেপাশের মানুষ। কিন্তু তারপরেও ট্রেন থামিয়ে সারমেয়কে তোলা গেল না প্ল্যাটফর্মে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন একাংশের নেটিজেনরা। ওই সারমেয়র পরিণতিও অবিশ্বাস্য!

সদ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা গেছে, সামান্য লেট হওয়ায় ট্রেনে উঠতে পারেননি এক ব্যক্তি। ট্রেনটি ছেড়ে দেওয়ার পরেও, তা ধরার চেষ্টা করেন তিনি। সঙ্গে ছিল পোষ্য সারমেয়টি। চলন্ত ট্রেনে টেনে হিঁচড়ে পোষ্যকে তোলার চেষ্টা করেন ওই ব্যক্তি। কিন্তু হিতে বিপরীত হয়। ট্রেনে ওঠা তো দূর অস্ত, স্টেশন থেকে ফসকে রেললাইনে পড়ে যায় সারমেয়টি। 

অসহায় অবস্থায় পোষ্যকে তোলার চেষ্টা করেন মালিক। তাঁকে দেখেই স্টেশনে দাঁড়িয়ে থাকা বহু মানুষ ছুটে আসেন। কিন্তু কেউই ট্রেনটি থামাতে পারেননি। সঙ্গে সঙ্গে উদ্ধার করা যায়নি সারমেয়কে। এ ঘটনায় রীতিমতো মাথায় হাত সকলের। 

সবশেষে জানা গেছে, সুস্থ অবস্থায় পোষ্য সারমেয়টিকে উদ্ধার করা গেছে। তার কোনও চোট লাগেনি। ট্রেনের চাকার ফাঁক দিয়ে পাশের লাইনে চলে গিয়েছিল সারমেয়। উল্টোদিকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তি কুকুরটিকে উদ্ধার করেন। তারপর মালিকের হাতে তুলে দেন। এদিকে ভিডিও ছড়িয়ে পড়তেই, মালিকের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। পোষ্যের নিরাপত্তা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন কেউ কেউ।