আজকাল ওয়েবডেস্ক: পাঁচ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন বিজেপি বিধায়ক। ফাঁদ পেতে তাঁকে ধরলেন রাজ্য়ের লোকায়ুক্তের পুলিশ আধিকারিকরা। শেষপর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে কর্ণাটকের শিরাহাট্টি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চন্দ্রু লামানিকে।

কেন ঘুষ চেয়েছিলেন বিধায়ক?
লোকায়ুক্ত আধিকারিকরা জানিয়েছেন যে, শিরাহাট্টি বিধানসভার অন্তর্গত গদগ জেলায় একটি ক্ষুদ্র সেচ বিভাগের প্রকল্পের অনুমোদনে সুবিধা পাইয়ে দিতে ঘুষ চেয়েছিলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি। কাজটি একটি ঠিকাদারকে দেওয়া রাস্তার উভয় পাশে রিটেইনিং ওয়াল নির্মাণের সঙ্গে সম্পর্কিত ছিল। অভিযোগ, ১১ লক্ষ টাকা ঘুষ দাবি করেন লামানি। সেই থেকেই পাঁচ লক্ষ টাকা নিতে গিয়ে ধরা পড়েন বিধায়ক। 

বিজেপি বিধায়কের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানান গদগের একজন ক্লাস-১ ঠিকাদার বিজয় পূজার। তাঁর অভিযোগ, সরকারি প্রকল্পের প্রয়োজনীয় ছাড়পত্র নিশ্চিত করার জন্য ১১ লক্ষ টাকা দিতে বলেন বিধায়ক চন্দ্রু লামানি। তারপরই তিনি রাজ্যের দুর্নীতি দমন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

অভিযোগ খতিয়ে দেখার পর, লোকায়ুক্ত কর্তৃপক্ষ ও পুলিশ শনিবার একটি ফাঁদ পাতেন। অভিযানের সময় বিধায়ক লামানিকে ঘুষের ১১ লক্ষের মধ্যে পাঁচ ৫ লক্ষ টাকা নিতে ডাকা হয়। সেই ফাঁদে সাড়া দেন তিনি। সরকারি আধিকারিকরা জানিয়েছেন যে, আইনগত সম্মতি নিশ্চিত করার জন্য যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয়েছিল এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান পরিচালিত হয়।

লামানিকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছিল।

বিধায়ক ছাড়াও, লামানির দুই সহযোগী- মঞ্জুনাথ বাল্মীকি এবং গুরুনায়েক- কেও ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, ঘুষের লেনদেনে এই সহযোগিরাও জড়িত। প্রমাণ সংগ্রহ এবং বিবৃতি রেকর্ড করার সময় তিনজনকেই বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।