আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশে তৈরি পোশাক থেকে খাবার, একগুচ্ছ জিনিসপত্র এবার থেকে ভারতের স্থলবন্দর দিয়ে আর দেশে ঢুকবে না। শনিবার রাতে এ ঘোষণা করল কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের বৈদেশিক বাণিজ্য দপ্তর। ডিজিএফটি-এর তরফে ঘোষণা করা হয়েছে, ভারতের বন্দর দিয়ে বাংলাদেশের রেডিমেড পোশাক এবং খাবার আর দেশে ঢুকবে না।
কোন কোন জিনিসে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? বাংলাদেশে রেডিমেড পোশাক, ফল, পানীয়, চিপস, স্ন্যাক্স, কাঠের আসবাবপত্র, প্লাস্টিকের জিনিসপত্র বন্দর দিয়ে আর ভারতের বাজারে ঢুকবে না।
কেন্দ্রের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অসম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি শুল্ককেন্দ্র দিয়ে বাংলাদেশের এই জিনিসগুলো আর দেশে ঢুকবে না। তবে বাংলাদেশ থেকে আসা মাছ, এলপিজি, ভোজ্যতেলের উপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
কলকাতা ও মুম্বইয়ের সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশের হাতে তৈরি পোশাক ভারতে আমদানি করা যাবে। তবে বাকি স্থলবন্দরগুলিতে নিষেধাজ্ঞা জারি করেছে। অন্যদিকে ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশের জিনিসপত্র নেপাল ও ভুটানে যেতে পারে। সেক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই।
