আজকাল ওয়েবডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ প্রযুক্তির আলোচনায় এই মুহূর্তে সরগরম নয়াদিল্লি। রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট। এবারের আসর বসেছে দিল্লিতে ভারত মণ্ডপমে।

অনুষ্ঠানে উপস্থিত হয়েছে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতা সহ একাধিক অতিথি। এই আবহেই বুধবার সফররত বিশ্বনেতাদের জন্য এক ঘরোয়া নৈশভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই নৈশভোজের প্রতিটা পদেই তুলে ধরা হয়েছিল ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে। বিশেষভাবে তৈরি এই মেনুতে সমস্ত পদই রান্না করা হয়েছিল দেশীয় উপকরণ দিয়ে।

বিশেষ গুরুত্ব দেওয়া হয় জিআই-ট্যাগপ্রাপ্ত উপাদানগুলিতে, যেগুলি নির্দিষ্ট অঞ্চল ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। পাশাপাশি মিলেটস ও দেশীয় শস্যের উপস্থিতি তুলে ধরা হয়েছিল।

আইটিসি গ্রুপের শেফরা বিশেষভাবে এই পদগুলি রান্না করেছিলেন। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি ডিশের নাম ও স্বাদ ছিল ভিন্ন। স্টার্টারে ছিল ‘Varniila – Colourful and Vivid’।

এই পদের মধ্যে ছিল ছোট ছোট পালংশাকের সঙ্গে দই, তেঁতুল-খেজুরের স্বাদ এবং পুরনো দিল্লির স্বাদে ভেজানো ধনেপাতা। মেন কোর্সে ছিল উত্তরাখণ্ডের এক বিশেষ পদ। এর নাম দেওয়া হয়েছিল ‘Sasya – Harvest: Produce of the Field’।

এই প্ল্যাটারের মধ্যে ছিল জিআই-ট্যাগপ্রাপ্ত মুন্সিয়ারি রাজমা গিলাওয়াত, সঙ্গে পাহাড়ি চাল, ঝাংগোরা পুলাও, আর কুমায়ুনি আলু-সবজি। পরিবেশন করা হয় বেক করা রুটি, নরম তাফতান এবং অতি পরিচিত কাশ্মীরি গির্দা।

ডেজার্টে ছিল ‘Nisarga – Nature’s Creation’।  যার মধ্যে ছিল রসমালাই, শীতকালীন বেরি, এবং ওপরে পার্ল মিলেটের স্তর। পানীয়ের মধ্যে ছিল সতেজ কাশ্মীরি কাওয়া, ফিল্টার কফি এবং দার্জিলিং চা।

ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ইন্ডিয়াএআই মিশনের অধীনে আয়োজিত এই সম্মেলনটি এই প্রথম কোনও গ্লোবাল সাউথ দেশ দ্বারা আয়োজিত হচ্ছে। ২০২৫ সালে ফ্রান্স এবং ২০২৪ সালে ব্রিটেন এবং ২০২৩ সালে জাপান আয়োজন করেছিল। 

উদ্বোধনের দিন মোদির পাশাপাশি উপস্থিত ছিলেন, ফঁরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, রাষ্ট্রপুঞ্জের সচিব জেনারেল অ্যান্তনিও গুতেরেস। সম্মেলনে ২০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধান, ৬০ জনেরও বেশি মন্ত্রী এবং ৫০০ জন বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার নেতা, ১০০ টিরও বেশি দেশের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

প্রযুক্তি শিল্পের উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সুন্দর পিচাই (গুগল), স্যাম অল্টম্যান (ওপেনএআই), দারিও আমোদেই (অ্যানথ্রোপিক), ডেমিস হাসাবিস (গুগল ডিপমাইন্ড) এবং মুকেশ আম্বানি (রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ)। অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে ছিলেন বিশ্বব্যাঙ্কেরর সাংবু কিম।