আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানাতে বন্ধ হল হুক্কা বার। হরিয়ানা বিধানসভায় সোমবারই এবিষয়ে একটি বিল পাস করা হয়। সেখানকার প্রতিটি জায়গায় চালানো হবে বিশেষ অভিযান। যদি কেউ এই নির্দেশ অমান্য করে তবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি বাড়ির ভিতরেও হুক্কা খাওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি হরিয়ানায় তামাকজাত দ্রুত সেবনের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, হুক্কা বার নিয়ে বহু আগে থেকেই নানা অভিযোগ আসছিল। তাই সরকার এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করল। হুক্কা বারের বিরুদ্ধে নতুন আইনে বলা হয়েছে যদি কেউ এই নির্দেশ অমান্য করে তবে তাঁর ১ বছর থেকে ৩ বছরের জেল হতে পারে। এখানেই শেষ নয়, ১ লক্ষ টাকা থেকে শুরু করে ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থ জরিমানাও করা হবে। কংগ্রেস বিধায়ক বরুণ চৌধুরী বলেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে তাঁরা স্বাগত জানিয়েছে।