আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকার সঙ্গে বন্ধুত্ব! সহকর্মীর আচরণে আগেই সন্দেহ হয়েছিল যুবকের। প্রেমিকার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়তেই ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন! সেই সহকর্মীকেই নৃশংসভাবে খুন করলেন এক যুবক। যে ঘটনায় শিউরে উঠেছে খোদ পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম, সুরেশ। তিনি বরেলির বাসিন্দা ছিলেন। অভিযুক্ত নরেশ তাঁকে কুপিয়ে খুন করেন। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। এরপরই অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই পুলিশের কাছে স্থানীয়রা ফোন করে অভিযোগ জানান, সার্ভিস রোডে দুই যুবকের মধ্যে তুমুল ঝামেলা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছনোর পর পুলিশ দেখে, দুই যুবক রক্তাক্ত অবস্থায়। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার সুরেশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, এক সংস্থায় আলাদা বিভাগে সুরেশ ও নরেশ কাজ করতেন। ওই সংস্থায় ববি নামের এক যুবতী কাজ করেন। গত সাত বছর ধরে নরেশের সঙ্গে ববির প্রেমের সম্পর্ক ছিল। গত কয়েক মাসে সুরেশের সঙ্গে কথা হত ববির। এই বন্ধুত্ব ঘিরেই নরেশ আপত্তি জানিয়েছিলেন। সুরেশের সঙ্গে ববিকে কথা বলতেও নিষেধ করেন। এই ঘটনা ঘিরে সুরেশ ও নরেশের মধ্যে অশান্তি শুরু হয়।
ঘটনার দিন রাতে দু'জনেই সার্ভিস রোডে একসঙ্গে দেখা করেন। এরপর মধ্যপান করেন দু'জনেই। সেই সময় ববিকে নিয়ে ঝামেলা শুরু হয়। সামান্য কথা কাটাকাটি থেকেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন সুরেশ ও নরেশ। সেই সময় ধারালো অস্ত্র দিয়ে সুরেশের ওপর হামলা করেন নরেশ। গুরুতর চোট পান তিনি। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
এই ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে তদন্ত জারি রয়েছে। সেদিন সামান্য চোট পেয়েছিলেন নরেশ। প্রাথমিক চিকিৎসার পর পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছেন।
















