আজকাল ওয়েবডেস্ক: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার কয়েক ঘণ্টা পরেই বড় ঘোষণা কেন্দ্রের। দেশের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী। শনিবার বিকেলেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাপত্র গৃহীত হয়েছে। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর কয়েক ঘণ্টা পরেই প্রহ্লাদ যোশীকে দেশের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা করা হল।
বর্তমানে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবন্টন মন্ত্রকের দায়িত্বে রয়েছেন প্রহ্লাদ যোশী।
প্রসঙ্গত, নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে গত এক মাসের বেশি সময় ধরে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল দিল্লি। যন্তর মন্তর চত্বরে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি, দেশের অগণিত পড়ুয়া। আজ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর, ৩৬ দিন পর সেই আন্দোলন প্রত্যাহার করেছে ককরোচ জনতা পার্টি।
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল বিরোধী দলের নেতারাও। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন ককরোচ জনতা পার্টির মুখপাত্ররাও।
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর, শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং-এর সঙ্গে তৃতীয় দফা বৈঠক ছিল ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের। যদিও এই বৈঠকের আগেই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেন। এরপরেই কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তৃতীয়বার বৈঠকে যোগ দেন ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা।
সিজেপির তরফে ঘোষণা করা হয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার পাশাপাশি, তাঁদের মূল তিনটি দাবি পূরণ করেছে কেন্দ্রীয় সরকার। দিল্লি-সহ গোটা দেশে যত পড়ুয়ার বিরুদ্ধে আন্দোলন করার জন্য মামলা হয়েছে, সেই সব মামলা তুলে নেওয়া এবং নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর যে সব ছাত্রছাত্রী আত্মহত্যা করেছেন, তাঁদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা আর্থিক সাহায্য দিতে হবে। সিজেপির এই তিন দাবিই মেনে নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। এরপরই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি। যন্তর মন্তর চত্বর থেকে সব আন্দোলনকারীদের ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
















