আজকাল ওয়েবডেস্ক: মন্দিরের দ্বারোদঘাটনেই অঘটন। পুজোর পর ঘটের জল ছিটিয়ে দেওয়া হচ্ছিল। সেই শান্তির জল নিতে গিয়েই ঘটল বিপত্তি। শান্তির জল মাথায় নেওয়ার জন্য হুড়োহুড়ি। ভক্তদের পায়ের তলায় চাপা পড়ে মৃত্যু একজনের। আহত হয়েছেন বহু।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালিয়রের দাবরায় নবগ্রহ মন্দিরের দ্বারোদঘাটনের অনুষ্ঠান ছিল। সেই উদ্বোধনী অনুষ্ঠানেই হাজার হাজার ভক্তদের ভিড় জমে। সেই ভিড়েই পদপিষ্টের ঘটনায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। 

পুলিশ জানিয়েছে, ভক্তদের ভিড়ে পায়ের তলায় চাপা পড়ে ৭০ বছর বয়সি এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও সাতজন। এদিন সকালে নবগ্রহ মন্দিরের দ্বারোদঘাটন উপলক্ষ্যে দাবরা স্টেডিয়ামের বাইরে 'কলস যাত্রা'-র আয়োজন করা হয়েছিল। সেখানেই কলসি নিয়ে হাজির হন কয়েক হাজার মহিলা পুণ্যার্থী। 

গোয়ালিয়রের মহিলা পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুজোর পর ঘটের জল ছড়িয়ে দেওয়ার সময়েই অঘটন ঘটে। শান্তির জল মাথায় নেওয়ার সময় প্রথমে হুড়োহুড়ি শুরু হয়। এরপর ঘটের জল নিতে গিয়েই পদপিষ্টের ঘটনা ঘটে। মহিলা ভক্তদের পায়ের তলায় পিষে ঘটনাস্থলেই মর্মান্তিক পরিণতি হয় ৭০ বছর বয়সি ওই বৃদ্ধার। 

পদপিষ্ট হয়ে আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। তিনজনকে গোয়ালিয়রের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজন দাবরার এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটের জল নেওয়ার জন্য মহিলা ভক্তরা একে অপরকে টেনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাতেই ঘটে বিপত্তি। 

গত বছর জুলাই মাসে এমন আরেকটি ঘটনা ঘটেছিল। মন্দিরের সিঁড়িতে হুড়োহুড়ি। উত্তরাখণ্ডে পদপিষ্ট হয়ে ফের ভয়াবহ দুর্ঘটনা। সাতসকালে মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। সেই ভিড়েই পদপিষ্ট হয়ে প্রাণ হারান একাধিক ভক্ত। আহত হন বহু। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল মন্দির চত্বর। হাজির বিশাল পুলিশ বাহিনী। 

জানা গেছে, রবিবাসরীয় সকালে মন্দিরে পুজো দিতে হাজির হয়েছিলেন শ'য়ে শ'য়ে ভক্ত। মন্দিরে ঢোকার মুখেই বিপত্তি ঘটে। ঠাসাঠাসি ভিড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের গায়ের উপরে পড়ে যান অনেকে। সেই সময়েই পদপিষ্টের ঘটনাটি ঘটেছিল।‌ আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়া হয়। ছ'জনের মৃত্যু হয়েছিল। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার পদপিষ্টের ঘটনাটি ঘটেছিল উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসা দেবী মন্দিরে। গাড়োয়াল ডিভিশন কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে পদপিষ্টের ঘটনাটি জানিয়ে বলেছিলেন, ছ'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হন বহু ভক্ত। উদ্ধারকাজ জোরকদমে চলছে। ঘটনাস্থলে পৌঁছয় একাধিক অ্যাম্বুল্যান্স। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে তিনিও মন্দির চত্বরে যান। 

কয়েকজন আহত ভক্তের দাবি, মন্দিরের সিঁড়িতে কয়েকজন কোনও কারণে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার জেরেই আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় অনেকেই পালিয়ে বাঁচার চেষ্টা করেন। তখনই ঘটে বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার অভিযোগটি খতিয়ে দেখছে পুলিশ। এদিকে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদপিষ্টের খবর অত্যন্ত দুঃখজনক। এসডিআরএফ, স্থানীয় পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী দল উদ্ধারকাজ চালাচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছি।' 

স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মনসা দেবী মন্দিরের সিঁড়িতে। মন্দিরে ঢোকার মুখে সিঁড়িতেই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি হয়।‌ ঠেলাঠেলি করতে গিয়েই অনেকে পা হড়কে পড়ে যান একে অপরের গায়ের উপর। সেই সিঁড়িতে পদপিষ্ট হয়ে ৬জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।