আজকাল ওয়েবডেস্ক: নির্বাচন কমিশন মঙ্গলবার অসমের ১২৬টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় বিশেষ সংশোধিত (এসআর-২০২৬) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। বর্তমানে উত্তর পূর্বের এই রাজ্যে ভোটার সংখ্যা ২,৪৯,৫৮,১৩৯ জন। বাদ গিয়েছে ২.৪ লাখ ভোটার।

অসমের প্রধান নির্বাচনী আধিকারিক (সিইও) জানিয়েছেন, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ২,৪৩,৪৮৫ জন ভোটারের নাম বাদ গিয়েছে। খসড়া তালিকায় ২,৫২,০১,৬২৪ জন ভোটার বাতিল বলে গন্য হয়েছিলেন। এরপর শুনানি হয়। ফলে বাদ পড়ার সংখ্যা কমেছে।

চূড়ান্ত তালিকায় লিঙ্গভিত্তিক বিভাজন অনুসারে, অসমে ১,২৪,৮২,২১৩ জন পুরুষ ভোটার, ১,২৪,৭৫,৫৮৩ জন মহিলা ভোটার এবং ৩৪৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।

বিশেষ সংশোধন ২০২৬-এর জন্য সমন্বিত খসড়া ভোটার তালিকা ২৭ ডিসেম্বর, ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছিল। এর আগে, ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর, ২০২৫-এর মধ্যে রাজ্যজুড়ে ঘরে ঘরে যাচাই অভিযান পরিচালিত হয়েছিল। দাবি ও আপত্তি দাখিলের সময়কাল ২৭ ডিসেম্বর, ২০২৫ থেকে ২২ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত খোলা ছিল।

নির্বাচন কমিশন জানিয়েছে যে, যাচাই প্রক্রিয়া সম্পন্ন এবং দাবি ও আপত্তি নিষ্পত্তির পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।

বিশেষ সংশোধনকে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং বিশেষ সংক্ষিপ্ত ভোটার তালিকা সংশোধন (এসএসআর)-এর মধ্যে একটি মধ্যম ক্ষেত্র হিসাবে বিবেচনা করা হয়।