আজকাল ওয়েবডেস্ক: একেই বলে প্রেমের টান। হিন্দু প্রেমিকাকে বিয়ে করতে ধর্ম বদল করলেন মুসলিম ব্যক্তি। ঘটনাটি উত্তরপ্রদেশের নগর বাজারের।
কোতোয়ালি থানার এসএইচও দেবেন্দ্র সিং জানিয়েছেন যে, ৩৪ বছর বয়সী এক মুসলিম ব্যক্তি তাঁর নিজের গ্রামেরই বান্ধবীকে বিয়ে করার জন্য হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। তাঁদের প্রেমের সম্পর্ক প্রায় ১০ বছরের। ওই ব্যক্তি সাদ্দাম থেকে নাম বদল করে এখন হয়েছেন শিবশঙ্ক।
তবে এই পরিণতির যাত্রাপথ মোটেও মসৃণ হয়নি। তিন দিন আগেই সাদ্দামের প্রেমিকা পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। সাদ্দাম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওই মহিলা বিয়ের অজুহাতে ধর্ষণ, গর্ভপাত করতে বাধ্য করা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ জানান। প্রেমিকার দাবি, ১০ বছর প্রেমের পর সাদ্দামকে বিয়ে করতে চাপ দিচ্চিলেন মহিলা। কিন্তু, যেহেতু তারা দু'জনেই ভিন্ন ধর্মের ছিলেন, তাই বিয়ে সম্ভব হয়নি। সাদ্দামের পরিবার তাঁকে কোনও মতেই মানতে রাজি ছিল না। এতেই বিরক্ত হয়ে মেয়েটি পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করে।
এরপরই সাদ্দাম ধর্ম বদলের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সাদ্দাম ধর্ম পরিবর্তন করে হয়ে ওঠেন শিবশঙ্কর সোনি। রবিবার রাতে শহরের বাজার এলাকার একটি মন্দিরে হিন্দু রীতিনীতি অনুসারে তাঁদের চার হাত এক হয়। দু'জনেই নিজের ইচ্ছায় বিয়ে করেছেন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার এসএইচও দেবেন্দ্র সিং।
শিবশঙ্কর ও তাঁর স্ত্রী পুলিশকে বলেছেন যে, "আমরা গত দশ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলাম, এখন নিজেরাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।"
