আজকাল ওয়েবডেস্ক: বছরের শুরুর দিনেই শোকের ছায়া। বছরের শেষ রাতে বাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে ৩ বছরের এক শিশু সহ ৫ জনের দেহ। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের জলন্ধরের আমাদপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, বর্ষবরণের রাতে ৫৯ বছরের মনমোহন সিং, তাঁর স্ত্রী, দুই কন্যা এবং ৩ বছরের এক নাতনির দেহ উদ্ধার হয়েছে বাড়ির ভেতর থেকে। মনমোহনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে, পরিবারের বাকি ৪ জনের দেহ ওই ঘরেরই মেঝেতে, বিছানায় ছিল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিন্তু কেন এই ভয়াবহ পরিণতি? জলন্ধর পুলিশ জানিয়েছে, ওই ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, তাতে মনমোহনের জবানীতে লেখা হয়েছে, আর্থিক সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, নিজে আত্মহত্যা করার আগে মনমোহন বাকি চারজনকে শ্বাস রোধ করে হত্যা করেন। জানা গিয়েছে, মনমোহনের ছেলে থাকেন বিদেশে। বড় মেয়ে তাঁর শিশু কন্যাকে নিয়ে বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য এসেছিল। বড় মেয়ের স্বামী বারবার ফোন করেও উত্তর না পাওয়ার পর এই ঘটনা প্রকাশ্যে আসে।
Punjab: বাড়ির ভেতর উদ্ধার এক শিশু সহ পরিবারের ৫ জনের দেহ
















