আজকাল ওয়েবডেস্ক: মাত্র ২০ বছর বয়স। কথাও বলতে পারেন না, কানেও শোনেন না। মূক ও বধির তরুণী ধর্ষণের পর অন্তঃসত্ত্বা। ১৭ জনের ডিএনএ পরীক্ষার পর, অবশেষে ফাঁস হল ধর্ষণের মূল অভিযুক্তের নাম। তরুণী অন্তঃসত্ত্বা হওয়ার পরেই ধর্ষণের ঘটনাটি প্রকাশ্যে আসে। শুরু হয় একের পর এক ডিএনএ পরীক্ষা। অবশেষে বাবার ডিএনএ পরীক্ষায় রহস্য ফাঁস। মিলে যায় তরুণীর ভ্রুণের সঙ্গে। শেষমেশ প্রমাণিত হয়েছে, তরুণীকে ধর্ষণ করেছেন তাঁর বাবা। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ের কাফ প্যারেড এলাকায়। ঘটনাটি ঘটেছে গত বছর সেপ্টেম্বর মাসে। নির্যাতিতা তরুণীর বয়ান অনুযায়ী, এক ব্যক্তিকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। ১৭ বছরের এক কিশোরকেও আটক করে তারা। ঘটনায় আর কে কে জড়িত ছিল, তাও খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। 

১৭ জন অভিযুক্তের ডিএনএ পরীক্ষা করা হয়। সেই তালিকায় ছিলেন তরুণীর বাবা। তরুণীর ভ্রুণের সঙ্গে তাঁর বাবার ডিএনএ মিলে যায়। এরপর ধর্ষক বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, গত বছর সেপ্টেম্বর মাসে আচমকাই পেটে যন্ত্রণা শুরু হয় তরুণীর। ঠাকুমার কাছে তা জানিয়েছিলেন মূক ও বধির তরুণী। হাত দিয়ে ইঙ্গিত করে বুঝিয়েছিলেন সেই যন্ত্রণার কথা। এরপর শহরের এক নামী হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা করে জানা যায়, তরুণী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। হাসপাতালের তরফেই থানায় তড়িঘড়ি বিষয়টি জানানো হয়। 

তদন্তের শুরুতেই বাধা পায় পুলিশ। কারণ তরুণী ইচ্ছাকৃতভাবে কোনও তথ্য ফাঁস করতে চাননি। এমনকী পরিবারকেও জানাননি আসল অভিযুক্ত কে। তখনই তাঁর বাবাকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সে সময় তিনি জানান, তরুণী কীভাবে অন্তঃসত্ত্বা হলেন, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না। এমনকী অভিযোগ দায়ের করতেও অস্বীকার করেন তিনি। 

টানা কাউন্সেলিংয়ের পর তরুণীর অভিযোগ জানাতে রাজি হন। তরুণীর বয়ানের ভিত্তিতে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি তরুণীর বাবা-সহ মোট ১৭ জনের রক্তের নমুনা ও ডিএনএ পরীক্ষা করা হয়। ২৭ জানুয়ারি সেই ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। ভ্রুণের সঙ্গে শুধুমাত্র একজনের ডিএনএ মিলে যায়। সেটি ওই তরুণীর বাবা। 

পুলিশের অনুমান, ধর্ষণের ঘটনাটি ঘটেছে গত বছর মার্চ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে। ২২ সেপ্টেম্বর থানায় অভিযোগ নথিভুক্ত করে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে পরবর্তীতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।