আজকাল ওয়েবডেস্ক: বেপরোয়া চালকদের পরামর্শ দিয়েছিলেন সাবধানে গাড়ি চালানোর। আর সেটাই হয়ে উঠল বড় বিপত্তি। যুবকেরা পরামর্শ শোনার বদলে, এলোপাথাড়ি ছুরি চালায় দুই ভাইয়ের উপর। এক ভাই লড়াই করছেন গুরুতর জখম নিয়ে, প্রাণ গেল একজনের।


ঘটনা ঘটেছে খাস দিল্লিতে, অর্থাৎ দেশের রাজধানীতে। পুলিশ জানিয়েছে মৃতের নাম অঙ্কুর, দিল্লির প্রতাপ নগরের বাসিন্দা তিনি। ভাই হিমাংশুর সঙ্গে দশেরার মেলা থেকে ফিরছিলেন শনিবার রাতে। উৎসব থেকে ফেরার পথই বদলে গেল বিষন্নতায়। সাবোলি রোড এলাকায় বেপরোয়া বাইকে তিন আরোহীকে দেখে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেন। 

পুলিশ জানিয়েছে, পরামর্শ শোনার পরেই, তিন যুবক মিলে হামলা চালায় দুই ভাইয়ের উপর। এলোপাথাড়ি ছুরি চালানো হয়। হিমাংশুর ঘাড়ে ছুরির আঘাত লাগে, ওই পরিস্থিতিতেই গুরুতর আহত অঙ্কুরকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অঙ্কুরের বুকে, পেটে গভীর ছুরির ক্ষয় ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটিনস্থলের সিসিটিভি ফুটেজে ভয়াবহ দৃশ্য ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। পুলিশ তদন্ত চালাচ্ছে।