আজকাল ওয়েবডেস্ক: আগামী মাসেই বিয়ের দিনক্ষণ স্থির ছিল। চলছিল জোরকদমে প্রস্তুতি। কাজের ফাঁকে বিয়ের আমন্ত্রণ জানাতে বেরিয়েছিলেন পাত্র। পরিচিতদের বিয়ের কার্ড দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। বন্ধ গাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে যুবকের। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার রাতে দিল্লির গাজিপুরে দুর্ঘটনাটি ঘটেছে। গতকাল বিয়ের আমন্ত্রণ জানাতে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন যুবক। গাজিপুরে আচমকা তাঁর গাড়িতে দাউদাউ আগুন জ্বলে ওঠে। বন্ধ গাড়ি থেকে সে সময় আর বেরোতে পারেননি যুবক। বন্ধ গাড়িতে আটকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। 

 

পুলিশ জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি তাঁর বিয়ের তারিখ ছিল। অনিল নামের যুবক গতকাল দুপুরে বিয়ের কার্ড দিতে বেরিয়েছিলেন। রাত পর্যন্ত বাড়ি না ফেরায়, সকলে ফোন করতে থাকেন। রাতেই পুলিশ পরিবারে দুর্ঘটনাটির খবর দেয়। যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে গাড়িতে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ।