আজকাল ওয়েবডেস্ক:  শীত পড়লেই রাজ্যে পড়ে যায় বিয়ের মরসুম। পঞ্জিকায় বলা হয় নভেম্বর এবং ডিসেম্বর মাসে একাধিক দিন রয়েছে যেগুলি বিয়ের জন্য অত্যন্ত শুভ। ফলে, এই দিনগুলিতে একাধিক বিয়ের অনুষ্ঠান দেখা যায় রাজ্যে। বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী কিছুদিন পরেই মলমাস পড়ে যাচ্ছে। তার আগে বিয়ের শুভদিন কবে কবে রয়েছে জেনে নেওয়া যাক।

 

 

হিন্দু ধর্ম অনুযায়ী, সূর্যের আলো যখন ধনু রাশিতে প্রবেশ করে সেই সময় বিয়ের জন্য মলমাস বা অপবিত্র বলে ধরা হয়ে থাকে। শুধু বিবাহ নয়, যেকোনো শুভ অনুষ্ঠানের জন্যেই এই সময়টা অশুভ বলে বিবেচিত হয়। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর মলমাস পড়ে যাচ্ছে। চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। তবে, ১৫ তারিখের আগে একাধিক বিয়ের দিন রয়েছে। তিথি মেনে তার মধ্যে কয়েকদিন খুবই পবিত্র বলে ধরা হচ্ছে।

 

 

আগামী ১০ ডিসেম্বর শুক্লাপক্ষের দশমী, ১১ ডিসেম্বর শুক্লাপক্ষের একাদশী (সবচেয়ে ভাল দিন বিবাহের জন্য), ১৩ ডিসেম্বর শুক্লাপক্ষের ত্রয়োদশী এবং  ১৪ ডিসেম্বর শুক্লাপক্ষের চতুর্দশী চলতি বছরের শেষ বিবাহের জন্য উপযুক্ত দিন।  সবথেকে বেশি বিয়ে রয়েছে আগামী ১৩ ডিসেম্বর। বলা হয়, শুক্লাপক্ষ একাদশী বা মোক্ষদা একাদশী বিবাহের জন্য সবচেয়ে ভাল তিথি। এই দিনে বিয়ে করলে সুখে থাকেন দম্পতি। বলা হয়, ডিসেম্বরে বিয়ে করার আগে জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করার জন্য। উল্লেখ্য, জানুয়ারি মাসের ১৪ তারিখে কেটে যাচ্ছে মলমাস। তারপরেও একাধিক বিবাহের অনুষ্ঠান রয়েছে রাজ্যে।